পৌরসভায় অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তির শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত গাজীপুর সিটি করপোরেশনের জন্য ছয়টি ইউনিয়নকে পৌরসভায় অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তির শুনানি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। গত রোববার থেকে ওই শুনানি শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী দুই দিনের মধ্যে সংশোধিত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।জেলা প্রশাসন সূত্র জানায়, প্রস্তাবিত সিটি করপোরেশনের জন্য সদর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে গাজীপুর পৌরসভার সঙ্গে যুক্ত করা হয়েছে কাউলতিয়া, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর ইউনিয়ন। টঙ্গী পৌরসভার সঙ্গে যুক্ত করা হয়েছে গাছা ও পূবাইল ইউনিয়ন। পৌরসভার সীমানা সম্প্রসারণের মধ্যে ক্যান্টনমেন্টের বিরোধপূর্ণ চত্বর, ভানুয়া, চাপুলিয়া ও ফাউকান এলাকাকেও অন্তর্ভুক্ত করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা হাকিম দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আপত্তির আবেদনগুলোর মধ্যে বেশির ভাগই সহজে সমাধান করা গেছে। তবে ক্যান্টনমেন্টের সঙ্গে থাকা চত্বর, ভানুয়া, চাপুলিয়া ও ফাউকান এলাকা নিয়ে আপত্তির শুনানি শেষ করতেই বেশি সময় লেগেছে। সূত্রটি আরও জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভার সংশোধিত প্রস্তাব অনুমোদিত হলে পরবর্তী সময়ে পৌরসভা দুটিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা ২০১০-এর বিধি ৫-এর বিধান অনুযায়ী সিটি করপোরেশনে রূপান্তরের লক্ষ্যে সংশোধিত গেজেট প্রকাশ করা হবে। পরে এ-সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। এর পরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে গাজীপুর সিটি করপোরেশন।সিটি করপোরেশনে উন্নীত হলে বিধি অনুযায়ী, একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হবে এবং তিনি ১৮০ কার্যদিবসের মধ্যে সিটি করপোরেশনের মেয়র নির্বাচন সম্পন্ন করবেন।এ সময়ের মধ্যে প্রশাসকের সহায়তার জন্য সিটি করপোরেশন এলাকা থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সহায়তা কমিটি গঠন করা হবে। পরে নির্বাচন কমিশন ওয়ার্ড বিভক্তিকরণ ও ভোটার হালনাগাদ করার ব্যাপারে কাজ করবে।