পৌষ সংক্রান্তির বুড়াবুড়ির মেলা

কায়েতপাড়ায় বংশী নদীর তীরে মেলা বসেছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে বসা এ মেলার নাম ‘বুড়াবুড়ির মেলা।’ মেলায় কিন্তু শুধু বুড়াবুড়ি নেই, আছেন নানা বয়সী মানুষ। পৌষের কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শিশু-কিশোর ও হাজারো নারী-পুরুষ এসেছেন। আজ সোমবার হলো এ মেলা।
ঢাকার ধামরাইয়ের এ মেলা বহু পুরোনো। আজ দিনভর মেলায় চলেছে পিঠা উৎসব, ঘুড়ি ওড়ানো, পটকা ফুটানো। পিঠা ছাড়াও নানা খাবারের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। দোকানি সুবল মন্ডল বলছিলেন, ‘মেলায় বিন্নির খই ভালোই বিক্রি করেছি।’
মিষ্টির দোকানি প্রফুল্ল বলেন, ‘এবার তিলা কদমার দাম বেশি হলেও বিক্রির পরিমাণ খারাপ না।’
হারিয়ে যেতে বসা মৃৎশিল্পের নানা পণ্যের পসরারও কমতি ছিল না। তৈজসপত্র, খেলনা হাতি, ঘোড়া, বাঘ, হাড়ি-পাতিল কত কিছু। ছিল বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন খেলনা। বাতাসা, তিলা, কদমা ও বিন্নি ধানের খই কিনতে ভিড় ছিল লক্ষণীয়।
এ মেলার নাম বুড়াবুড়ির মেলা হলো কীভাবে? আয়োজক কয়েকজনের সঙ্গে কথা বলা যা জানা গেল তা এমন: বনবিবি সুন্দরবনের মানুষদের কাছে অতিপরিচিত এক নাম। নৌকার মাঝিরা যেমন নৌকা ছাড়ার আগে ‘বদর, বদর’ ডেকে উঠে নিজেদের যাত্রাকে শুভ করতে চান, তেমনি সুন্দরবনের মধু ও মোম আহরণকারী, কাঠুরে ও মৎসজীবীরা বনে ঢোকার আগে বনবিবির নামে দোয়া চেয়ে নেন। লোকায়ত বিশ্বাস, বনবিবি বাঘের হাত থেকে বনজীবীদের রক্ষা করেন।
কথিত আছে যে বনবিবি ও তাঁর ভাই আকাশ থেকে নেমে এসেছিলেন। তখন তাঁদের পরনে ছিল এক বিশেষ টুপি। অনেকে বিশ্বাস করেন, বনবিবি আঠারো ভাটির দেশ ভারতবর্ষে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে। তারপর, সুন্দরবনে এসে অত্যাচারী রাজা দক্ষিণ রায়কে পরাভূত করে সেখানেই থেকে গিয়েছিলেন। পঞ্জিকামতে পৌষ সংক্রান্তিতে তাদের নিয়ে প্রতিবছর পূজা অর্চনা করা হয়। কায়েতপাড়ার মন্দিরের পুরোহিত উত্তম ঠাকুর বলেন, ‘বনবিবি বা বনদুর্গা নাম থেকেই কালের আবর্তনে বর্তমান সময়ে এর নাম এসেছে বুড়াবুড়ি দেবির পূজা। চার শ বছর থেকেই এই বুড়াবুড়ির পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় ধামরাইয়ের এ মেলা চলছে।’

কামার-কুমারদের তৈরি দা-বঁটির দোকানে কেনাকাটায় ব্যস্ত ছিলেন গৃহবধূরা। অনেকে মাটির তৈজসপত্রও কিনছিলেন। গৃহবধূ শান্তু রানী বলেন, ‘আগে তো আমরা মাটির তৈরি সব জিনিসই ব্যবহার করতাম৷ প্লাস্টিক বাজারে এসে গ্রামীণ ঐতিহ্য অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে।’
মেলায় সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো থাকায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এসেও মেলায় ভিড় করে। শিক্ষার্থী সুমন বলে, ‘মেলা থেকে কিছু কিনিনি, কিন্তু আমার মা মেলায় এসে একটি মাটির কলস, পাতিল ও পিঠা তৈরির কড়াই কিনেছেন।’
শিশু-কিশোরেরা মেলার মাঠে বিভিন্ন রঙের ঘুড়ি ওড়াচ্ছিল। মেলা অঙ্গনজুড়েই নাগরদোলা কড়কড় শব্দে গ্রামীণ মেলার ঐতিহ্যের জানান দিচ্ছিল।