পৌষের শীতে উষ্ণ প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ভোলার সদর রোডে ব্যবসায়ীদের সঙ্গে ভোলা পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারুন অর রশিদকে কুশল বিনিময় করতে দেখা যায় (বাঁয়ে)। থেমে নেই আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামানের প্রচার-প্রচারণা। ভোটারদের দোয়া নিতে ছুটছেন তিনিও l ছবি: প্রথম আলো
সম্প্রতি ভোলার সদর রোডে ব্যবসায়ীদের সঙ্গে ভোলা পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারুন অর রশিদকে কুশল বিনিময় করতে দেখা যায় (বাঁয়ে)। থেমে নেই আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামানের প্রচার-প্রচারণা। ভোটারদের দোয়া নিতে ছুটছেন তিনিও l ছবি: প্রথম আলো

পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত। ভোটারদের বুকে জড়িয়ে আলিঙ্গন আর করমর্দনে প্রার্থীরা নির্বাচনী প্রচারণার উষ্ণতা ছড়াচ্ছেন। শীত উপেক্ষা করে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রায় শত বছরের পুরোনো ভোলা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের কাছে ভোটারদের দাবি খুবই কম।
এবার ভোটারদের দাবি, বাড়ি বাড়ি চুলায় চুলায় গ্যাস। আর নদীবন্দরখ্যাত ভোলা খালের সংস্কার।
গত বুধ ও বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা রোড, গরুরহাট সড়ক, আলতাজের রহমান সড়ক, অফিসারপাড়া, ডোমপট্টি, ইলিশা বাসস্ট্যান্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে আলাপ করে এসব কথা জানা গেছে।
দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান ও আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। পিছিয়ে নেই বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারুন অর রশিদও।
তবে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা উচ্চ আদালতে রিট আপিলের কারণে এখনো প্রচারে নামতে পারেননি। এসব প্রার্থীরা শহরে পোস্টারিং, মাইকিং করছেন আর ভোটারদের বুকে জড়িয়ে ভোট ও দোয়া চাইছেন। এ ফাঁকে ভোটাররা প্রার্থীদের কাছে গ্যাস এনে দেওয়ার দাবি করছেন।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৈয়বুর রহমান, বিলকিসসহ কয়েকজন ভোটার প্রথম আলোকে বলেন, প্রায় শত বছরের পৌরসভায় বর্তমান মেয়রের সময়ে যে উন্নয়ন হয়েছে, তা পূর্বে হয়নি। তবে এখনো পর্যাপ্ত নালা ব্যবস্থা হয়নি। ফলে বর্ষার সময় ৭ নম্বর ওয়ার্ডসহ শহরের বিভিন্ন অংশে লোকজন পানিবন্দী হয়ে পড়ছে। পানির জন্য রাস্তা বেহাল হচ্ছে। নালা ব্যবস্থাপনার আরও উন্নয়ন দরকার।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুজ্জামান বলেন, ভোলা শহরের প্রাণ ভোলা খাল। গোটা জেলার পণ্য খালাস হয় এ খালের পাড়ে। বর্ষায় শহরের পানিও নামে এ খালে। খালটি দিন দিন ভরাট হয়ে আসছে। শীতে নৌকা ঢুকতে পারে না। খালটি আগের অবস্থায় ফেরত না এলে ভোলা পৌরসভায় জলাবদ্ধতা দেখা দেবে এবং পণ্যের দাম বাড়বে। শত শত পৌরবাসীর পেটে টান পড়বে। একই দাবি করেন কমপক্ষে ৫০ জন ব্যবসায়ী।
ভোলা পৌরসভা থেকে পাওয়া তথ্য বলছে, ৩১ দশমিক ৪৮ বর্গকিলোমিটারের এই পৌরসভাটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে লোকসংখ্যা ৬০ হাজার ৯৩৩ জন। হোল্ডিং সংখ্যা সব মিলিয়ে ১০ হাজার ৫৫৮টি। পৌরসভার নিজস্ব সড়ক প্রায় ৭৭ কিলোমিটার। এর মধ্যে কাঁচা প্রায় ছয় কিলোমিটার।
ভোলা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমার পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে, তা বিগত ৯৫ বছরে হয়নি। ভোলা খালের নাব্যতা ফিরিয়ে এ খালকে দৃষ্টিনন্দন করাসহ ভোলা পৌরসভাকে পর্যটন নগরী করা হবে। ঘরে ঘরে গ্যাস পৌঁছানোসহ পৌরবাসীর সব সমস্যা দূর করব।’
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেটি হবেই। আমি ভোলা পৌরবাসীর হারিয়ে ফেলা ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করব।’