প্যাঁচারদ্বীপে বিশ্বের বড় কচ্ছপের ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পাশে ঝাউবনসমৃদ্ধ সমুদ্রসৈকত, অন্য পাশে উঁচু পাহাড়। মধ্যভাগ দিয়ে সুদূর টেকনাফ পর্যন্ত চলে গেছে প্রায় ৮৪ কিলোমিটারের কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক। সড়কের পশ্চিম পাশে (রেজুখালের পাশ ঘেঁষে) নির্জন দ্বীপ প্যাঁচারদিয়া গ্রাম। নারকেল আর সুপারিগাছে ভর্তি এই গ্রামে তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ ভাস্কর্যটি। উদ্দেশ্য, প্রতিবেশ সংকটাপন্ন কক্সবাজার সমুদ্রসৈকতে ডিম পাড়তে আসা সামুদ্রিক কচ্ছপের মৃত্যু রোধ আর নিরীহ প্রাণীটি সম্পর্কে স্থানীয় লোকজনকে সচেতন করা। গত তিন মাসে এই কচ্ছপ ভাস্কর্যটি দেখার জন্য প্রায় দুই হাজার বিদেশি পর্যটক এই নির্জন দ্বীপটি ভ্রমণ করেন। দেশীয় পর্যটকের সংখ্যা আরও কয়েক গুণ। ব্যক্তি উদ্যোগে সাড়ে চার একর জমির ওপর গড়ে তোলা পরিবেশবান্ধব এই পর্যটনপল্লি মারমেইড বিচ রিসোর্টের খোলা মাঠে স্থাপন করা হয় আকর্ষণীয় ওই কচ্ছপ ভাস্কর্যটি। গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ৫৭ ফুট লম্বা, ৩৫ ফুট প্রস্থ এবং ১৮ ফুট উচ্চতাসম্পন্ন কচ্ছপ ভাস্কর্যটির নামকরণ করা হয়েছে ‘কসমিক টার্টল ভিজিটিং গ্রিন আর্থ’। সমুদ্রসৈকত থেকে কুড়িয়ে আনা ভাঙা কাঁচের আয়না, প্লাস্টিক টুকরো, ভাঙা টাইলস, ছেঁড়া স্যান্ডেলের অংশ নিয়ে কচ্ছপের ওপরে প্রলেপ তৈরি করা হয়। ইট-সিমেন্ট-রড দিয়ে তৈরি বিশাল কচ্ছপটির ভেতরে শুধু একটি খুঁটি লাগানো হয়েছে। কচ্ছপের ভেতরে ৪০ থেকে ৫০ জন বসে যেকোনো ধরনের সভা, সাস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন। ভাস্কর্যটি তৈরি করতে খরচ হয় প্রায় ৩০ লাখ টাকা। ভাস্কর্যটি তৈরি করেন শিল্পী রনি আহমেদ। পরিদর্শনের সময় রনি আহমদ (৪৫) এই প্রতিবেদককে বলেন, এটি বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ ভাস্কর্য। এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই মাস। গত বছরের সেপ্টেম্বর মাসে ইতালির ভেনিস শহরের আন্তর্জাতিক ভাস্কর্য সম্মেলনে এই কচ্ছপ ভাস্কর্যের উদ্বোধন করা হয়। বিশ্বব্যাপী কচ্ছপ ভাস্কর্যের প্রচার হলে ফ্রান্স, আফ্রিকা, আমেরিকাসহ বিভিন্ন দেশের পর্যটকেরা প্যাঁচারদ্বীপে ছুটে আসছেন। মারমেইড বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক সোহাগ ও মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান বলেন, বিদেশি পর্যটকদের চাহিদা পূরণ করতে তাঁরা নির্জন সৈকতের পাশে এই বিশেষ পর্যটনপল্লি গড়ে তোলেন। কচ্ছপ ভাস্কর্য দেখতে আসা কক্সবাজারের প্রকৌশলী কানন পাল, কক্সবাজার বণিক সমিতির সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, মারমেইড বিচ রিসোর্টের মতো অযত্নে পড়ে থাকা কক্সবাজারের ৮০ কিলোমিটার সৈকতের পাশে পরিবেশবান্ধব পর্যটনপল্লি তৈরি করা গেলে বিদেশি পর্যটকের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেত। তখন সরকারের কোষাগারে জমা হতো মোটা অঙ্কের রাজস্ব। কিন্তু এ নিয়ে ভাববার কেউ নেই।