প্যাটার্নে ওয়েস্টার্ন লুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতুয়া
ফতুয়া

যা চলছে তার অনুকরণ নয়, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে সৌন্দর্যের সংজ্ঞা পাল্টে দেওয়াই শিল্পীর কাজ। ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য।প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার বিচারকেরাও এবার সেরা পোশাক নির্বাচনের ক্ষেত্রে মৌলিকত্বই প্রাধ্যান্য দিয়েছেন।
২৬ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মূল প্রতিযোগিতার কয়েক দিন আগে থেকেই শুরু হয় প্রাথমিক বাছাই। পাঁচ বিচারক শিমুল খালেদ, রওশন আরা চৌধুরী, লুৎফা সানজিদা, এইচ এম ইলিয়াস ও সুলতানা নুরজাহানকে বেশ গলদঘর্ম হতে হয়েছে পোশাক বাছাই করতে গিয়ে। ব্যাপারটা এই—কোনটা ফেলে কোনটা রাখবেন। ডিজাইনারেরাই যেন উল্টো পরীক্ষায় ফেললেন বিচারকদের। প্রতিযোগিতায় জমা পড়া পোশাকের মান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তাঁরা। প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, এবার পোশাকের প্যাটার্নে পরিবর্তন এসেছে। গোটা বিশ্বের হালফিল ট্রেন্ডটা ধরতে পেরেছেন ডিজাইনারেরা। তাছাড়া বাজারকে অনুকরণ না করে নিজের সৃজনশীল ভাবনা পোশাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন।
ডিজাইনার শিমুল খালেদ বলেন, ‘এবার ডিজাইনারদের মধ্যে নিজস্বতা ছিল। পোশাকে প্রচলিত রীতি ভেঙে পাশ্চাত্যের প্যাটার্ন এনেছেন তাঁরা। আমরাও বিচারের ক্ষেত্রে মৌলিক কাজগুলোকেই প্রাধান্য দিয়েছি। লম্বা ঝুলের কামিজ পাশ্চাত্যের গাউনের কথাই মনে করিয়ে দেয়। এবারের কাজে এসবের প্রতিফলন ছিল। এ ছাড়া সিল্ক ও জর্জেটের কাপড়ের ব্যবহারও ছিল লক্ষণীয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া নবীন ডিজাইনারদের কাজ দেখে মুগ্ধ ডিজাইনার রওশন আরা চৌধুরী। সেরা পোশাক বিচারের মাপকাঠি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যাঁরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে কাজ করেছেন এবং ডিজাইনে মৌলিকত্ব ফুটিয়ে তুলেছেন তাদের এগিয়ে রেখেছি আমরা।’ পুরস্কার পাওয়া বেশির ভাগ ডিজাইনার তরুণ হওয়ায় এখানখার বুটিকশিল্পের উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন তিনি।
চট্টগ্রামের বুটিকশিল্প একরকম দাঁড়িয়ে গেছে—এবার ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় জমা পড়া পোশাকের মান দেখে এমনটাই মনে করেন ডিজাইনার লুৎফা সানজিদা। তবে চীন, ভারত ও পাকিস্তানের পোশাকের অবাধ প্রবেশ বন্ধ না হলে এ শিল্প ঝুঁকির মুখে পড়বে বলে তাঁর আশঙ্কা। সালোয়ার-কামিজ, শাড়ি ও বাচ্চাদের পোশাকের মধ্যে অনেক ভালো কাজ ছিল বলে তিনি জানালেন।
দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বুটিক হাউসগুলো একই ধারায় পোশাক ডিজাইন করছিল। এবার সে ধারা ভেঙে নতুন প্যার্টানের পোশাক আনলেন ডিজাইনাররা। এমনটাই জানালেন ডিজাইনার এইচ এম ইলিয়াস। তিনি বলেন, পোশাকে এখন সবাই একটু ওয়েস্টার্ন লুক চায়। দেশের অনেক ব্র্যান্ড শপ সেভাবেই পোশাক তৈরি করছে। এবার ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা বিষয়টি ধরতে পেরেছেন। বিচারের ক্ষেত্রে কোন জিনিসটি প্রাধান্য দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ভালো ডিজাইনের পোশাক হলেই নিয়েছি এমন নয়। আমরা দেখেছি, সেসব অনুকরণ না-কি মৌলিক কাজ। মৌলিক কাজগুলোই বিচারে প্রাধান্য পেয়েছে।’ কেন দেশীয় পোশাকে পাশ্চাত্য ঢং প্রাধান্য পেল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাইরের ব্র্যান্ডের পোশাকগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই পরিবর্তন আনতেই হবে। এখন ক্রেতাদের রুচি পাল্টেছে। ডিজাইনারদেরও তাল মিলিয়ে পাল্টাতে হবে।
এবারের ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় প্যাটার্নে নতুনত্ব এসেছে বলে মনে করেন ডিজাইনার সুলতানা নুরজাহানও। জর্জেট ও সিল্কের মধ্যে রুচিশীল কাজ মুগ্ধ করেছে তাঁকে। পাঞ্জাবি, শাড়ি, ফিউশন, সালোয়ার-কামিজ বিভাগের অনেক কাজই তাঁর ভালো লেগেছে। তিনি বলেন, ‘এবার কামিজ ও পাঞ্জাবির কাজে বেশ ব্যতিক্রম লক্ষ করেছি। সাধারণত পাঞ্জাবি ও কামিজের বুকের মাঝখানে কাজ থাকে। এবার কাঁধের দিকেও কাজ করেছেন কেউ কেউ। এ ছাড়া চুমকি, জরি ও পুঁতির কাজ একেবারেই ছিল না।’