চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আটটি গুচ্ছ কাজের দরপত্রে অংশ নেয় স্থানীয় ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। পরে দেখা গেছে, দরপত্র থেকে ওই প্রতিষ্ঠানের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্যাড ও মালিকের সই জাল করে নাম প্রত্যাহারের আবেদন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের মালিক শাহজাহান চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, ‘পাউবোর আটটি গুচ্ছ কাজের দরপত্রে আমি অংশ নিই। প্রায় দুই কোটি টাকার দরপত্রের জন্য ছয় লাখ ২৭ হাজার পে-অর্ডার জমা দিয়েছিলাম। ১৬ ফেব্রুয়ারি বিকেলে দরপত্রের বাক্স খোলার কথা ছিল। নির্বাহী প্রকৌশলী তা করেননি। পরে আমাাকে জানানো হয়, আটটি দরপত্র থেকে আমি নাকি নাম প্রত্যাহার করেছি। এটি জালিয়াতি ছাড়া আর কিছু নয়। তাই এ ঘটনায় আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছি।’পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল দরপত্র থেকে নাম প্রত্যাহার করেছে, যার চিঠি আমরা পেয়েছি। এ ব্যাপারে তাঁরা তো কোনো অভিযোগ করেননি। অভিযোগ না করে আইনের আশ্রয় নেওয়া কি উচিত? তাঁরা আমার কাছে এসে অভিযোগ দিতে পারেন। আমরা তা বিবেচনা করব। এ ছাড়া আমরা এখনো কাউকে ওই দরপত্রের কার্যাদেশ দিইনি।’