প্যাডেল ঘুরিয়ে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল সাড়ে চারটায় বেজে ওঠে বাঁশি। সব প্রতিযোগীর পায়ের চাপ পড়ে রিকশার প্যাডেলে। শুরু হয় জোর গতিতে দৌড়। প্রথম স্থান অধিকার করেন রিকশাচালক আকরাম আলী (২৮)। পুরস্কার হিসেবে পান একটি রিকশা।মহান মে দিবস উপলক্ষে গত বুধবার বিকেলে নীলফামারী শহরের বড় মাঠে ব্যতিক্রমী রিকশা দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপভোগ করেন শহরের দুই সহস্রাধিক নারী-পুরুষ। প্রতিযোগিতার আয়োজন করে নীলফামারীর নীলসাগর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও অনুভব ফাউন্ডেশন। আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় ১৫৮ জন স্থানীয় রিকশাচালক অংশ নেন। গত ২৬ এপ্রিল বাছাই পর্ব শেষে পয়লা মে চূড়ান্ত পর্বে ১৬ জন প্রতিযোগী রিকশা চালান। অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার আলমগীর রহমান ও নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। পুরস্কার বিতরণ করেন নীলসাগর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আহসান হাবিব। শ্রমিকদের উৎসাহ দিতে সারা দেশে এমন প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রতিযোগিতা পরিচালনা করেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা।