প্যাডেল মেরে বিশ্ব রেকর্ড
অবশেষে রেকর্ডটি বাংলাদেশের হলো। বিজয় দিবসের দিন সাইকেল চালিয়ে আরেক বিজয় ছিনিয়ে আনলেন এ দেশের কিছু তরুণ। চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারির বিশ্ব রেকর্ডটি এখন বাংলাদেশের। ১ হাজার ১৮৬ সাইক্লিস্ট নিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে দেশে সাইক্লিস্টদের অন্যতম সংগঠন বিডিসাইক্লিস্টস।
গতকাল মঙ্গলবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নিজস্ব ওয়েবসাইটে এই স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়।
জানতে চাইলে বিডিসাইক্লিস্টসের মডারেটর ও এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ফুয়াদ আহসান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের বিশাল একটা পাওয়া। নিজেদের উদ্যোগে, নিজস্ব অর্থায়নে এই বিজয় ছিনিয়ে এনেছি আমরা। বিজয় দিবসে এমন একটি অর্জন আমাদের জন্য গর্বের।’

গত ১৬ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট রাস্তায় নামেন ১ হাজার ২০০ সাইক্লিস্ট। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একজনের পেছনে আরেকজন প্রায় সাড়ে ৮ কিলোমিটার সাইকেল চালান। ১৪ জন বাদ পড়ায় প্রাথমিকভাবে ১ হাজার ১৮৬ জনকে রেকর্ডের জন্য মনোনীত করেন পর্যবেক্ষকেরা। এর আগে রেকর্ডটি ছিল বসনিয়া-হার্জেগোভিনার। ২০১৫-তে ৯৮৪ জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটি গড়েছিল তারা। গতকাল রাতে বিশ্ব রেকর্ডের ঘোষণা আসার পরপরই উচ্ছ্বসিত সাইক্লিস্টরা নেমে আসেন রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে।