
রিকশার প্যাডেলে পা রাখা সাইদুরের জন্য নতুন নয়। নাটোরের লালপুরে রিকশা-ভ্যান চালিয়েই সকাল-সন্ধ্যা কাটে তাঁর। রাজশাহীতে এসেও একই কাজ করতে হচ্ছে। শুধু বেশভূষা একটু বদলেছে। লুঙ্গি, গেঞ্জির জায়গায় শার্ট-প্যান্ট। আর কাঁধে গামছার বদলে বইয়ের ব্যাগ। শহরের মানুষের কাছে এই দৃশ্য যেমন অপরিচিত, তেমনি অপরিচিত সাইদুরও।
কিছুদিনের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রস্তুতির জন্য কোচিং করছেন অনেকেই। সাইদুর রহমান রাজশাহীতে এসেছেন সে কারণেই। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার—সপ্তাহের এই তিন দিন কোচিং করতে নাটোর থেকে সকালে ট্রেনে করে রাজশাহী আসেন। রাতে আবার ফিরে যান গ্রামে। শহরে রিকশা চালান দুই দিন। ট্রেনের সময়সূচির কারণে মঙ্গলবার দুপুরের আগেই বাড়ি ফিরে যান।
শহরের পিচঢালা পথে প্যাডেল চেপে যাত্রী নিয়ে মসৃণ গতিতে এগিয়ে চলা সাইদুরের জীবনের গল্পটা মোটেও মসৃণ নয়। প্রতিনিয়ত বাধা পেরিয়ে তাঁকে এগিয়ে চলতে হচ্ছে। লড়াকু মানসিকতা, কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্পের ওপর ভর করে পথ চলাই যেন তাঁর জীবনের গল্প। জীবিকার জন্য ষষ্ঠ শ্রেণি থেকে ভ্যান চালালেও লেখাপড়াকেই একমাত্র ধ্যানজ্ঞান ভেবেছেন। এ বছর নাটোরের আব্দুলপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি। বিজ্ঞান বিভাগের ছাত্র সাইদুর এসএসসি পরীক্ষায়ও আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।
সাইদুরের বাড়ি নাটোরের লালপুরে। ভিটেমাটিও নেই তাঁদের। অন্যের কৃপায় কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই হয়েছে। সাইদুরের ছয় মাস বয়সে তাঁর বাবা ট্রেনে কাটা পড়ে মারা যান। এরপর ছেলেকে নিয়ে মা সাগরী খাতুনের শুরু হয় জীবনসংগ্রাম। ভাত-বস্ত্রের জন্য কখনো মানুষের বাড়িতে কাজ করেছেন, কখনো নির্মাণশ্রমিকের কাজ করতে হয়েছে। অভাব-অনটনের মধ্যেও তিনি স্বপ্ন দেখতেন ছেলেকে নিয়ে।
গত মঙ্গলবার লালপুরের আব্দুলপুর গ্রামের খুপরিঘরে কথা হয় সাইদুরের মায়ের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলেকে মানুষ করার জন্য জীবনের মায়া করিনি। গাঁয়ের সব লোক ওকে ভালোবাসে। মায়ের কষ্ট দেখে ক্লাস সিক্সে ওঠার পরই সে ভ্যান (রিকশা) চালাতে শুরু করে। স্কুল থেকে এসেই আবার ভ্যান নিয়ে বের হয়। হাড়ভাঙা খাটুনি করে এসে আবার রাতে বই নিয়ে বসে। এভাবেই চলছে।’
সাগরী খাতুন বলেন, ‘ছেলেটা কুপি বাতিতেই পড়ত। এবার এইচএসসি পরীক্ষার আগে আমার ফুফাতো ভাই নিজের বাড়ি থেকে বিদ্যুতের লাইন দিয়েছেন। একটা বাতি লাগিয়ে দিয়েছেন। আর দোকান থেকে এই ফ্যানটা এনে দিয়েছেন। ফ্যানের টাকা এখনো বাকি আছে।’ তিনি আরও বলেন, ঘরের চালাটা সরকারি টিনের। ভিটেটা অন্য মানুষের।
সাগরী খাতুনের ফুফাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আপনারা ছেলেটার জন্য একটু সহযোগিতা করলে ও বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে।’
সাইদুর বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিযোগিতায় যেন পিছিয়ে না পড়েন, সে জন্যই কোচিং করছেন। গত জুন মাসে রাজশাহী শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোচিং। কিন্তু ফেরার ট্রেন সন্ধ্যা সাড়ে সাতটায়। তাই ওই সময়টা রিকশা চালান। তিনি বলেন, রাজশাহী কলেজে রাজীবুল ইসলাম নামের তাঁদের এলাকার এক বড় ভাই পড়েন। তাঁকে বলেছিলেন রিকশা ঠিক করে দিতে। একটি গ্যারেজ থেকে আধা বেলার জন্য রিকশা ভাড়া করে দিয়েছেন তিনি। জমা ৫০ টাকা। বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রিকশা চালান। জমার টাকা বাদ দিলে ১০০ টাকার ওপরে থাকে তাঁর। আর বাড়িতে থাকলে ভ্যান চালান।
মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল সাইদুরের। রিকশা চালিয়ে পড়ার খরচ জোগাড় করা সম্ভব হবে না ভেবে ওই ইচ্ছা বাদ দিয়েছেন। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স-মাস্টার্স (স্নাতক-স্নাতকোত্তর) করতে চান। তাঁর স্বপ্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো।