প্যাথলজি বিভাগ বন্ধ নয় বছর
লোকবলের অভাবে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের কার্যক্রম নয় বছর ধরে বন্ধ রয়েছে। এতে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে রক্ত ও মলমূত্রের পরীক্ষা করাতে হচ্ছে।
দক্ষ জনবলের অভাব এবং মামলার কারণে হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির লোক নিয়োগ বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্যাথলজি বিভাগে দুজন মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) পদ আছে। তবে শুরু থেকেই একজন দিয়ে কোনোমতে কাজ চালানো হচ্ছিল। এখানে বিনা মূল্যে রক্ত ও মলমূত্র পরীক্ষার সুযোগ ছিল। কিন্তু ২০০৫ সালের ডিসেম্বরে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আমান উল্লাহ চাকরি থেকে অবসর নেন। এতে পদটি শূন্য হয়। এরপর আর কাউকে নিয়োগ না দেওয়ায় বন্ধ হয়ে যায় বিভাগের কার্যক্রম।
গত সোমবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, প্যাথলজি বিভাগের ল্যাবরেটির কক্ষে তালা ঝুলছে। হাসপাতালে ভর্তি থাকা রোগী তামীম আহমেদের (১১) মা শামীম আরা চৌধুরী বলেন, ‘ছেলের জ্বর হওয়ার পর গত বৃহস্পতিবার ওকে হাসপাতালে ভর্তি করি। রক্ত পরীক্ষাসহ ডাক্তার বেশ কিছু পরীক্ষা করাতে দেন। এখানে সরকারিভাবে কিছু করাতে না পেরে বাইরে থেকে বাড়তি টাকা দিয়ে পরীক্ষাগুলো করাতে হয়েছে।’
ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ৩১ শয্যার এ হাসপাতালটির প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় দরিদ্র রোগীরা হয়রানির শিকার হচ্ছেন।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ছানোয়ার হোসেন খান বলেন, গড়ে প্রতিদিন আড়াই শ রোগী এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। অন্য পরীক্ষার পাশাপাশি ৩৫ থেকে ৪০ জনের রক্ত ও মলমূত্র পরীক্ষা করতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজুল ইসলাম খান বলেন, ‘প্যাথলজি বিভাগে লোকবলের সমস্যা সমাধানে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’
সুনামগঞ্জের সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার বলেন, ‘প্যাথলজি বিভাগে কাজ করার মতো দক্ষ লোকের অভাব আছে। ওই হাসপাতালটিতে একজনকে দিয়ে কিছুদিন কাজ করানো হয়েছিল। কিন্তু তাঁর কাজে ঘাটতি থাকায় পরে তাঁকে বাদ দেওয়া হয়। এ ছাড়া জেলার হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণির নিয়োগ-প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। এ কারণে চার বছর ধরে হাসপাতালগুলোতে শুধু চতুর্থ শ্রেণিরই নয়, তৃতীয় শ্রেণির পদগুলোতেও নিয়োগ বন্ধ। প্রয়োজনীয় লোকবল দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি।’