চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে তিনজন প্যানেল মেয়র বাছাই করা হবে। মেয়রের অনুপস্থিতিতে তাঁরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মোট ৫৫ জন কাউন্সিলরের প্রত্যেকে তিনটি করে ভোট দিতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের আন্দরকিল্লার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের প্রথম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিটি করপোরেশনের জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহেদ ইকবাল প্রথম আলোকে জানান, প্রথম সাধারণ সভায় কাউন্সিলররা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মেয়র এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
সভায় মেয়র আ জ ম নাছির সভায় জানান, নগরবাসীর স্বার্থে ময়লা-আবর্জনা আগামী ১ সেপ্টেম্বর থেকে রাতে অপসারণ করা হবে। ময়লা-আবর্জনা সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টার মধ্যে কনটেইনার ও নির্দিষ্ট ডাস্টবিনে রাখতে নগরবাসীকে অনুরোধ করা হবে।
গতকালের সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া করপোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সাধারণ ওয়ার্ডের সাতজন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের পাঁচজন কাউন্সিলর আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন উত্তর কাট্টলী ওয়ার্ডের নিছার উদ্দিন আহমেদ, বাগমনিরাম ওয়ার্ডের গিয়াস উদ্দিন, চকবাজার ওয়ার্ডের সাইয়েদ গোলাম হায়দার, দেওয়ানবাজার ওয়ার্ডের চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আন্দরকিল্লা ওয়ার্ডের জহর লাল হাজারী, পাথরঘাটা ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল ও দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ছালেহ আহমেদ চৌধুরী।
সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের জোবাইরা নার্গিস খান, ৫ নম্বর ওয়ার্ডের মনোয়ারা বেগম, ৭ নম্বর ওয়ার্ডের আনজুমান আরা বেগম, ৯ নম্বর ওয়ার্ডের ফারহানা জাবেদ এবং ১২ নম্বর ওয়ার্ডের আফরোজা জহুর।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯–এর ২০ ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলররা নিজেদের মধ্যে থেকে তিন সদস্যবিশিষ্ট একটি মেয়রের প্যানেল নির্বাচন করবেন। তবে শর্ত থাকে যে নির্বাচিত তিনজনের মেয়রের প্যানেলের মধ্যে একজন অবশ্যই সংরক্ষিত আসনের কাউন্সিলর হতে হবে।