চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন ৩ নম্বর প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। গতকাল সোমবার পূর্বনির্ধারিত মাসিক সাধারণ সভায় প্রায় ১৫ মিনিট এই বাগ্যুদ্ধ চলে। এ অবস্থায় এক ঘণ্টার মধ্যেই মেয়র মোহাম্মদ মন্জুর আলম সভা শেষ করে দেন।তর্কের বিষয়টি আনোয়ারা বেগম ও চৌধুরী হাসান মাহমুদ দুজনই স্বীকার করেছেন। আনোয়ারা বেগম বলেন, ‘আমরা সরকারি চাকরি করি। রাজনীতিবিদদের সঙ্গে কাজ করতে গেলে অনেক সময় এ ধরনের ঘটনা ঘটে থাকে।’চৌধুরী হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের মানুষ মনে করতে চান না। তাই তাঁকে সিটি করপোরেশন সম্পর্কে একটি ধারণা দিয়েছি। আইনের বাইরে কোনো কাজ করতে নিষেধ করেছি। বলেছি, সভায় উপস্থিত সদস্যদের এক পঞ্চমাংশ অনাস্থা দিলে সরকার তাঁকে বাধ্যতামূলকভাবে প্রত্যাহার করে নেবে।’আনোয়ারা বেগম সরকারের একজন যুগ্ম সচিব। তিনিসহ জনপ্রশাসনের আরও চারজন কর্মকর্তা চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রেষণে কর্মরত রয়েছেন। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, দুপুরের দিকে মাসিক সাধারণ সভা শুরু হয়। প্রাথমিক আলোচনা শেষে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমের বিরুদ্ধে বক্তব্য দেন। প্যানেল মেয়র বলেন, ‘আমরা জনপ্রতিনিধি হিসেবে সিটি করপোরেশনে কাজ করি আর আপনারা সব ধরনের সুবিধা ভোগ করেন। আমরা করপোরেশনের কাজে ঢাকা গেলে গাড়ি ও ঢাকার রেস্ট হাউস ব্যবহার করতে নিষেধ করেছেন। অথচ আপনি চট্টগ্রাম সিটি করপোরেশনে এসেই সস্তায় দুটি ফ্ল্যাট নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। এক মাসের মধ্যে নিজের ভাইকে সিটি করপোরেশনে ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত করেছেন।’ এ সময় আনোয়ারা বেগম আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘যা করছি সরকারের আদেশ মেনেই করছি।’প্যানেল মেয়র সিটি করপোরেশনের আইনসংবলিত একটি বই খুলে আইনের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আপনি প্রেষণে এসেছেন, অথচ মেয়রের সামনে আমাদের মেহমান হিসেবে সম্বোধন করেন। আপনি জানেন না কে মেহমান আর কে বাড়ির মালিক। একটি ছোট অপরাধের অজুহাতে এক কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পরদিন আবার তা প্রত্যাহার করে নিয়েছেন। এতে সিটি করপোরেশনে কর আদায়কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এ সময় আনোয়ারা বেগম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা দাবি করেন।