প্যানেল মেয়র মিজানুর হত্যা মামলার অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় মন্ত্রীর ভাই গ্রেপ্তার হলো। আর মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হত্যা মামলার মৃত্যুকালীন জবানবন্দির আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে না। এখন মামলা তুলে নিতে তাঁরা হুমকি দিচ্ছে। সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।’এ কথাগুলো বলে স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন মিজানুরের স্ত্রী রুমানা আক্তার। এ সময় তাঁর পাশে ছিল মেয়ে মাহবুবা রহমান রোজা (৯) ও ছেলে মুশফিকুর রহমান রিয়াদ (৮)।মেহেরপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি অভিযোগ করেন, পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন ও দরপত্রের কাজ নিয়ে মেয়রের সঙ্গে প্যানেল মেয়রের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার নির্দেশে মেয়র মতু কাউন্সিলর বিপুলকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিন আসামি গ্রেপ্তারের পর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এ কথা স্বীকার করেছে তারা। ১১ মাসেও এর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়নি।গত বছরের ১ এপ্রিল সন্ধ্যায় প্যানেল মেয়র তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রাজধানী শপিং সেন্টারে একজন কাউন্সিলরকে নিয়ে গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর ওপর বোমা হামলা চালায়। ওই দিনই গুরুতর আহত অবস্থায় তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মাসুদ আলীর কাছে জবানবন্দি দেন। জবানবন্দিতে এই বোমা হামলার জন্য চার প্রভাবশালী নেতার নাম উল্লেখ করেন। তাঁরা হলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী, পৌর মেয়র মুতাছিম বিল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন। অবস্থার অবনতি হলে তাঁকে ওই দিন রাতেই ঢাকায় নেওয়া হয়। ৮ এপ্রিল তিনি মারা যান।মামলার বাদী মিজানুরের বাবা জবানবন্দি মোতাবেক ওই দিনই চারজনের নাম উল্লেখ করে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ মামলা থেকে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার নাম বাদ দিয়ে মেয়র মতু ও কাউন্সিলর বিপুলকে এজাহারভুক্ত করেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বাদীর স্বাক্ষরিত অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে। পুলিশ কারও নাম বাদ দেয়নি।ঝিনাইদহ সিআইডির তদন্তকারী কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান জানান, রাজনৈতিক কারণে তদন্তে কিছুটা জটিলতা হচ্ছে। মৃত্যুকালে জবানবন্দির আসামিদের গ্রেপ্তারের জন্য মেহেরপুর পুলিশকে কয়েকবার পত্র দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তার না করার বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।মেয়র মুতাছিম বিল্লাহ প্রথম দিকে এই মামলায় উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন পান। কিন্তু নিম্ন আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিনাদেশ স্থগিত করেছেন আদালত। বর্তমানে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি গা-ঢাকা দিয়েছেন। তবে হত্যাকাণ্ডের পর এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে এই মামলায় যুক্ত করা হয়েছে।মিয়াজান আলী ও গোলাম রসুল জানান, মৃত্যুকালে জবানবন্দিতে তাঁদের নাম আছে। কিন্তু মামলার এজাহারে নাম নেই। তাঁদের রাজনৈতিকভাবে হেয় করতেই এই ষড়যন্ত্র। এ কারণেই আওয়ামী লীগ আজ দুই ভাগে বিভক্ত।