প্যানেল মেয়রের জন্য সাত কাউন্সিলরের দৌড়ঝাঁপ
২২ ফেব্রুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন সামনে রেখে সাতজন কাউন্সিলর সমর্থন আদায়ের জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।প্রথমবার প্যানেল মেয়র হওয়ার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদের কাউন্সিলররা অন্য কাউন্সিলরদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে বেশ কয়েকজন কাউন্সিলর প্রথম আলোর কাছে দাবি করেছেন, দলীয় চাপ থাকলেও শিক্ষিত, বিনয়ী, সৎ ও যোগ্য লোককেই তাঁরা সমর্থন দেবেন।কুমিল্লা সিটি করপোরেশনের সচিব ছামসুল আলম জানান, ২২ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন করা হবে। এতে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত হবেন। এর মধ্যে দুজন সাধারণ কাউন্সিলর এবং একজন সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) ওই পদে আসছেন।কাউন্সিলর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্যানেল মেয়র হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বিএনপি-সমর্থিত ১১ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর আহমেদ শোয়েব, ১৫ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর সাইফুল বিন জলিল, ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর জমির উদ্দিন খান ও ১৬ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টি-সমর্থিত তিনবারের নির্বাচিত কাউন্সিলর আনোয়ার হোসেন। অন্যদিকে সংরক্ষিত কাউন্সিলরদের মধ্য থেকে মহিলা প্যানেল মেয়র পদে নাম শোনা যাচ্ছে ৭ নম্বর ওয়ার্ডের জাসদ-সমর্থিত নাজনীন কাজল, ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত আঞ্জুম সুলতানা ও ৫ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র নূরজাহান আলম। সাত প্রার্থীই প্যানেল মেয়র হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।জানা গেছে, প্যানেল মেয়র পদপ্রত্যাশীদের মধ্যে একজন স্বশিক্ষিত, একজন অষ্টম শ্রেণী, একজন এসএসসি, একজন এইচএসসি, দুজন বিএ এবং একজন এলএলবি/এলএলএম পাস।দলীয় সূত্রে জানা গেছে, তিন প্যানেল মেয়র নির্বাচিত করার জন্য কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক শহীদুল হকও চেষ্টা চালাচ্ছেন।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক বলেন, ২২ ফেব্রুয়ারি তিনজন প্যানেল মেয়র নির্বাচিত করা হবে। কাউন্সিলররা মিলেই তাঁদের মধ্য থেকে তিনজনকে বেছে নেবেন।উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩ জন বিএনপি-সমর্থিত, পাঁচজন আওয়ামী লীগ-সমর্থিত, তিনজন জামায়াতে ইসলামী-সমর্থিত, একজন জাতীয় পার্টি-সমর্থিত ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। অন্যদিকে নয়টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে দুটি করে বিএনপি ও আওয়ামী লীগ, একটিতে জাসদ ও চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন। অর্থাৎ, সব মিলিয়ে বিএনপির ১৫ জন এবং আওয়ামী লীগের সাতজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।