প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন নিয়োগবঞ্চিত প্যানেলভুক্ত শিক্ষকেরা। গতকাল বুধবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলার সাতটি উপজেলার প্যানেলভুক্ত নিয়োগবঞ্চিত শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্যানেল শিক্ষকদের মধ্যে সুব্রত শীল, শফিকুল ইসলাম, স্বপ্না আক্তার প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসীর কাছে প্যানেলভুক্ত শিক্ষকেরা স্মারকলিপি দেন।
শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রাথমিক ও গণশিক্ষা-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ এবং আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে গত এপ্রিলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় সব প্যানেল শিক্ষককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরও মানিকগঞ্জে দেড় শতাধিক প্যানেল শিক্ষক অপেক্ষমাণ রয়েছেন। তাই নিয়োগবঞ্চিত এসব প্যানেল শিক্ষককে অতি দ্রুত নিয়োগ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
সুব্রত শীল বলেন, ‘নিয়োগ না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও নিয়োগ না দেওয়ায় অপেক্ষমাণ প্যানেলভুক্ত শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন।’