প্যানেলভুক্ত প্রার্থীদের দুই মাসের মধ্যে নিয়োগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের দুই মাসের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্যানেলভুক্ত প্রার্থীদের করা ৩৬৭টি রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। রিট আবেদনকারী পক্ষের একাধিক আইনজীবী বলেছেন, ৩৬৭টি রিটে বাদী হিসেবে প্রায় ১০ হাজার নিয়োগপ্রত্যাশী রয়েছেন।
এক সপ্তাহ ধরে আদালতে এসব রিট আবেদনের ওপর শুনানি হয়। আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ছিদ্দিক উল্যাহ মিয়া, আবদুস সামাদ আজাদ, আবুল হাসনাত প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
পরে আমাতুল করীম প্রথম আলোকে বলেন, ‘রায়ে আদালত বলেছেন, নতুনভাবে জাতীয়করণ করা স্কুলগুলোতে যে ১৭ হাজার ৪৪৪টি শূন্যপদ রয়েছে, মেধাক্রম অনুসারে প্যানেলভুক্ত প্রার্থীদের সেসব শূন্যপদে দুই মাসের মধ্যে নিয়োগ দিতে হবে।’ তিনি বলেন, একটি রায়ে ৩৬৭টি রিট আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে এসব আবেদনে বাদী কতজন, তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
আদালতে ২৯টি রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ছিদ্দিক উল্যাহ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ২৯টি রিট আবেদনের পক্ষে শুনানি করেছি। এগুলোর বাদী প্রায় তিন হাজার নিয়োগপ্রত্যাশী। ৩৬৭টি রিটে নিয়োগপ্রত্যাশীর সংখ্যা ১০ হাজারের মতো হতে পারে।’
আইনজীবী সূত্র বলেছে, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলাভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উল্লেখ করা হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে ২০১২ সালের ৯ এপ্রিল নিয়োগ পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ হওয়া ৪২ হাজার ৬১১ জনকে নিয়োগের জন্য একটি প্যানেল গঠন করা হয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের জারি করা এক পরিপত্রে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানানো হয়। ওই সময় ১৪ হাজারের মতো নিয়োগও দেয় সরকার। এতে মেধাতালিকার প্রথম দিকে থেকেও অনেকে নিয়োগবঞ্চিত হন। ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলে প্যানেল থেকে নিয়োগ দেওয়া বন্ধ করে দেয় সরকার। এরপর প্যানেলভুক্ত নিয়োগবঞ্চিত প্রার্থীরা বিভিন্ন সময়ে হাইকোর্টে রিট আবেদন করতে থাকেন।
এর আগে গত বছরের ১৮ জুন দেওয়া এক রায়ে প্যানেলভুক্ত ১০ জনকে রায়ের অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ৭ মে প্যানেলভুক্ত ওই ১০ প্রার্থীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে ওই ১০ প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় তাঁদের একজন শফিকুল ইসলাম আদালত অবমাননার অভিযোগ এনে গত বুধবার আবেদন করেন।
গতকাল এই আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক ও গণশিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনের প্রতি আদালত অবমাননার রুল দেন।
এ ছাড়া গত বছরের ১৫ ডিসেম্বর পৃথক তিনটি রিট আবেদনের নিষ্পত্তি করে ২৬৮ জন প্যানেলভুক্ত ব্যক্তিকে নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট।