প্যানেলভুক্ত প্রার্থীদের সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য জাতীয়করণ করা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের ৬০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার ১৩০টি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে এ রায় দেন। রিট আবেদনকারীপক্ষের অন্যতম আইনজীবী মো. সিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, এর আগে হাইকোর্ট প্রায় ১০ হাজার প্যানেলভুক্ত প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। গতকাল আরও ১৩০টি রিট আবেদনের প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেওয়া হলো।
আইনজীবী সূত্র বলেছে, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলাভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উল্লেখ করা হয়। এ নিয়োগ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে ২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ হওয়া ৪২ হাজার ৬১১ জনকে নিয়োগের জন্য একটি প্যানেল গঠন করা হয়।
এরপর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের জারি করা এক পরিপত্রে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানানো হয়। ওই সময় প্রায় ১৪ হাজারের মতো প্রার্থীকে নিয়োগও দেয় সরকার। এতে মেধাতালিকার প্রথম দিক থেকেও অনেকে নিয়োগবঞ্চিত হন।
২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলে প্যানেল থেকে নিয়োগ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এরপর নিয়োগবঞ্চিত ও প্যানেলভুক্ত নওগাঁর মহাদেবপুরের ১০ জন শিক্ষক ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ১৮ জুন দেওয়া রায়ে হাইকোর্ট ইউনিয়নভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন এবং রিট আবেদনকারী ১০ জনকে নিয়োগের নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করে। আপিল বিভাগে তা খারিজ হয়। এরপর থেকে নিয়োগবঞ্চিত অন্য প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করতে থাকেন।