প্যানেলভুক্ত হয়েও নিয়োগ পাচ্ছেন না ২৪ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার কারণে ফরিদপুরের ভাঙ্গায় নতুন সরকারি হওয়া ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাচ্ছেন না প্যানেলভুক্ত ২৪ জন শিক্ষক। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালের নভেম্বরে উপজেলার ২৪টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করা হয়। একই সঙ্গে এসব বিদ্যালয়ের চারজন করে শিক্ষকের চাকরিও সরকারীকরণ হয়। সরকারি সিদ্ধান্ত মোতাবেক, এসব বিদ্যালয়ের পঞ্চম শিক্ষক হিসেবে প্যানেলভুক্ত ২৪ জনের যোগদানের কথা। কিন্তু ২৪ ব্যক্তি নিজেদের ওই বিদ্যালয়গুলোর পঞ্চম শিক্ষক দাবি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের এক সভায় প্রমাণিত হয়, জাল নথিপত্র দেখিয়ে তাঁরা শিক্ষক দাবি করছেন। এরপর কথিত ওই শিক্ষকেরা হাইকোর্টের শরণাপন্ন হন। এতে আটকে যায় প্যানেলভুক্ত ২৪ জনের যোগদান প্রক্রিয়া।
ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জালিয়াতির মাধ্যমে একটি চক্র ওই ২৪ ব্যক্তিকে বিদ্যালয়গুলোতে পঞ্চম শিক্ষক হিসেবে নিয়োগদানের চেষ্টা করে। চক্রটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একটি জাল রেজুলেশন দেখিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে বিভ্রান্ত করে। সাংসদ ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর ওই ২৪ জনের পদ ‘কেন সরকারিকরণ হচ্ছে না’ মর্মে একটি ডিও লেটার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দেন। এরপরই জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।
ডিও লেটারে সংযুক্ত নথি অনুযায়ী, কথিত ওই ২৪ শিক্ষককে গত ২০০৯ সালের ১০ জুন বিদ্যালয়গুলোতে পঞ্চম শিক্ষক হিসেবে নিয়োগ দেয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। ডিও লেটারের সঙ্গে সংযুক্ত করা হয় ২০১৫ সালের ৬ জুলাই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একটি কথিত রেজুলেশন। তবে বিষয়টি যাচাই করতে গত ২০১৫ সালের ৬ অক্টোবর ভাঙ্গার ইউএনওর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। আর তখনই প্রমাণিত হয়, রেজুলেশনটি ভুয়া।
সভায় সংশ্লিষ্ট ২৪টি স্কুলের প্রধান শিক্ষকেরা উপস্থিত হয়ে বলেন, তাঁদের প্রতিষ্ঠানে পঞ্চম শিক্ষক হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিদ্যালয়ের হাজিরা খাতায় কথিত ওই শিক্ষকদের কোনো স্বাক্ষরও নেই। এ ছাড়া নিয়োগ দিতে হলে বিজ্ঞপ্তি প্রকাশসহ অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এর কোনোটিই হয়নি।
ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ১৭ নভেম্বরের গেজেট অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ের চারজন করে শিক্ষকের চাকরি সরকারীকরণ হয়। তার আগে ওই ২৪টি বিদ্যালয়ে পঞ্চম শিক্ষকের কোনো অস্তিত্বই ছিল না।
এদিকে ইউএনও কার্যালয়ের সভার পর ভাঙ্গার কালামৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শিক্ষক দাবিদার মুকসুদপুরের কারুরিয়া গ্রামের নাজমুল হকসহ ওই ২৪ জন হাইকোর্টে রিট করেন। এতে বিদ্যালয়ে দায়িত্ব পালন, বেতনভাতাদি ও চাকরি সরকারীকরণের নির্দেশনা চাওয়া হয়। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ফরিদপুরের জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ১১ জনকে বিবাদী করা হয়। ২০১৫ সালের ২৩ নভেম্বর হাইকোর্ট এক অন্তর্বর্তীকালীন আদেশে কথিত ওই ২৪ শিক্ষককে নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দিতে ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইন কোষের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা যায়। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করতে দেরি করে ফেলায় আদালত সেটি গ্রহণ করেননি। দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি সব মামলা পরিচালনা করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দিষ্ট সময়েই জবাব প্রস্তুত করে সেখানে পাঠিয়েছিলাম। সেখান থেকে দেরি করা হয়েছে।’
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিব পদ দে বলেন, ওই ২৪টি বিদ্যালয়ের পঞ্চম শিক্ষকের পদগুলো এখনো শূন্য রয়েছে। তিনি বলেন, ‘যে ২৪ ব্যক্তি নিজেদের শিক্ষক দাবি করে মামলা করেছেন, তাঁরা ভুয়া। এই মামলার কারণে ওই ২৪টি বিদ্যালয়ে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আইনি জটিলতায় আমরা আটকে গেছি।’
প্যানেল থেকে মনোনীত হয়েও কর্মস্থলে যোগ দিতে না পারায় পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছেন ওই ২৪ শিক্ষক। তাঁদের একজন ভাঙ্গার পাতরাইল এলাকার স্বপ্না আক্তার বলেন, ‘প্যানেলভুক্ত হয়েও মামলার কারণে আমি কর্মক্ষেত্রে যোগ দিতে পারছি না। এ জন্য অমানবিক পরিবেশে দিন কাটাতে হচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক প্যানেলভুক্ত পাঁচ শিক্ষক প্রথম আলোকে বলেন, মামলা পরিচালনার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গাফিলতি ও উদাসীনতার খেসারত দিতে হচ্ছে তাঁদের।