প্যানেলভুক্ত ১০ জনকে নিয়োগে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণ করা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্যানেলভুক্ত ১০ জনকে নিয়োগে আর কোনো বাধা নেই।
এ-সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন গতকাল বৃহস্পতিবার খারিজ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্যানেল শিক্ষকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন মো. ছিদ্দিক উল্যাহ মিয়া।
পরে ছিদ্দিক উল্যাহ মিয়া প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় ওই ১০ জনকে নিয়োগ দিতে আর কোনো আইনি বাধা থাকল না।
২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উপজেলাভিত্তিক নিয়োগের শর্ত দেওয়া হয়। ২০১২ সালের ৯ এপ্রিল লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনের একটি প্যানেল চূড়ান্ত করা হয়। কিন্তু এরই মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর জানায়, ইউনিয়নভিত্তিক নিয়োগ দেওয়া হবে। ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়।
তখন নিয়োগবঞ্চিত ও প্যানেলভুক্ত নওগাঁর ১০ জন প্রার্থী ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১৪ সালের ১৮ জুন হাইকোর্ট ইউনিয়নভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা ও প্যানেলভুক্তদের নিয়োগের নির্দেশনা দিয়ে রায় দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করে। গত বছরের ৭ মে ওই আবেদন খারিজ করেন আপিল বিভাগ। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে, গতকাল তা খারিজ হলো।