প্যানেলভুক্ত ১০ জনকে প্রাথমিক স্কুলে নিয়োগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের নিয়োগ দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত বছরের ১৮ জুন হাইকোর্ট এক রায়ে প্যানেলভুক্ত ১০ শিক্ষককে রায়ের অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

আইনজীবীরা জানান, আপিল বিভাগের এ রায়ের ফলে প্যানেলভুক্ত ১০ জনকে নিয়োগের আইনি বাধা কাটল। পাশাপাশি প্যানেলভুক্তদের মধ্যে হাইকোর্টে যাঁরা রিট আবেদন করেছেন, তারাও এ রায়ের সুফল পাবেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। তাঁকে সহায়তা করেন আইনজীবী ইমাম হোসেন ও ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

এদিকে হাইকোর্ট গত ১৫ ডিসেম্বর পৃথক তিনটি রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে ২৬৮ জন প্যানেল শিক্ষককে নিয়োগের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্যানেলভুক্ত আরও প্রায় দুই হাজার শিক্ষক আইনের আশ্রয় নিয়েছেন। তাঁদের নিয়োগ প্রশ্নে হাইকোর্ট রুলও দিয়েছেন। এখন ওই রুল হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলাভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির তিন নম্বর শর্তে উল্লেখ করা হয়। এ নিয়োগ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে ২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ হওয়া ৪২ হাজার ৬১১ জনকে নিয়োগের জন্য একটি প্যানেল গঠন করা হয়।

এরপর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের জারি করা এক পরিপত্রে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানানো হয়। ওই সময় প্রায় ১৪ হাজারের মতো নিয়োগও দেয় সরকার। এতে মেধা তালিকার প্রথম দিকে থেকেও অনেকে নিয়োগ বঞ্চিত হন। ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলে প্যানেল থেকে নিয়োগ দেওয়া বন্ধ করে দেয় সরকার। এরপর নিয়োগবঞ্চিত ও প্যানেলভুক্ত শফিকুল ইসলাম, হাফিজ আল আসাদসহ নওগাঁর মহাদেবপুরের ১০ জন শিক্ষক ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ১৮ জুন দেওয়া রায়ে হাইকোর্ট ইউনিয়নভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন এবং রিট আবেদনকারী ১০ জনকে নিয়োগের নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেছিল। আজ আপিল বিভাগ ওই আবেদন খারিজ করেন।