প্যানেলভুক্তরা নিয়োগ পাবেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যানেলভুক্ত প্রার্থীরা সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন ২০১৩ সালে জাতীয়করণ (সরকারি) করা প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে সারা দেশে এ ধরনের প্যানেলভুক্ত শিক্ষক আছেন প্রায় ২৮ হাজার। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং সচিব হুমায়ুন খালিদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর আশা করছেন দু-এক দিনের মধ্যেই মন্ত্রণালয়ের চিঠি পেয়ে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবেন।

২০১৩ সালের জানুয়ারিতে প্রায় ২৬ হাজার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ওই সব বিদ্যালয়ে যত শূন্য পদ আছে, এতে প্যানেলভুক্ত সবাইকে নিয়োগ দেওয়া যাবে।

২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ২০১২ সালে পরীক্ষা নেওয়া হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনকে নিয়োগের জন্য একটি প্যানেল গঠন করা হয়। এঁদের মধ্যে প্রায় ১৪ হাজার জনকে নিয়োগও দেয় সরকার। সবাইকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিলেও ২০১৩ সালের জানুয়ারিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলে প্যানেল থেকে নিয়োগ বন্ধ করা হয়। এতে নিয়োগবঞ্চিত ও প্যানেলভুক্ত শফিকুল ইসলামসহ নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ জন হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ১৮ জুন রায়ে হাইকোর্ট রিট আবেদনকারী ১০ জনকে নিয়োগের নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করলে তা খারিজ করেন আপিল বিভাগ। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ওই ১০ জনকে নিয়োগের ব্যবস্থা করলে সাতজন যোগ দেন। এ বিষয়ে আরও তিন শতাধিক রিট হয়। এখন পর্যন্ত ঘোষিত সব রায় প্যানেলভুক্তদের পক্ষে গেছে। পরে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সবাইকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।