প্যান্ট পরা থাকলে ২০০ লুঙ্গি হলে ১৫০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরববাজারে গত বুধবার সন্ধ্যার দিকে এক চায়ের দোকানের সামনে কিশোর-তরুণদের একটি জটলা! কাছে যেতেই জানা গেল, ২৪ জনের একটি দল দিনভর এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর পর তাদের মাত্র এক হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু সকালে তাদের বলা হয়েছিল, জনপ্রতি ২০০ টাকা আর দুপুরের খাওয়া বাবদ ৫০ টাকা করে দেওয়া হবে। এ নিয়েই বিরোধ।ওই বাজারের এক চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গিয়ে দেখা যায়, নানা পেশার লোকজন আসছে-যাচ্ছে। তাদের কারও হাতে পোস্টার, কারও হাতে লিফলেট ধরিয়ে দেওয়া হচ্ছে। যাদের হাতে এসব দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে আট থেকে ১০ জনের সদস্য আছে। সদস্যদের সংখ্যা জেনে সে অনুযায়ী দেওয়া হচ্ছে টাকা। প্রচারকর্মীরা প্যান্ট পরা হলে ২০০ টাকা আর লুঙ্গি হলে ১৫০ টাকা করে পাচ্ছেন। এ উপজেলায় ইউপি নির্বাচনী প্রচারণা চালাতে এবার তরুণদের চাহিদা বেড়েছে। এলাকাভেদে তাদের পারিশ্রমিকও ভিন্ন। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে পিরব, রায়নগর, কিচক ও শিবগঞ্জে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন ভোটকর্মীরা। আগামী ৬ জুন এ উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।একই দিন উপজেলার মাঝিহট্ট উচ্চবিদ্যালয়ের সামনে দেখা যায়, এক চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার লাগাতে জড়ো হয়েছে বেশ কয়েকটি ছেলে। তারা মই ও ভ্যান ভাড়া করে এনেছে। কিন্তু ওই প্রার্থীর পক্ষে এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মীর সঙ্গে টাকা নিয়ে তাদের বনিবনা হচ্ছে না। ওই কর্মী পোস্টার লাগাতে ১০০ টাকা দিতে চাইছেন, কিন্তু ছেলেরা চাইছে ৩০০ টাকা। শেষে ১৫০ টাকায় রফা হয়। আবু তালেব নামের ওই কর্মী অবশ্য পোস্টার লাগানোর জন্য টাকা দেওয়ার কথা অস্বীকার করে বলেন, পোস্টার লাগানোর জন্য তাঁরা কোনো টাকা দিচ্ছেন না। তবে মিছিল শেষে চা-পুরি খাওয়াতে হয়। নিজেদের পকেট থেকেই এ টাকা খরচ করছেন।জানগ্রাম এলাকার কৃষিশ্রমিক ইয়াছিন আলী (৩৫) বলেন, ‘মজুরি খাটার চেয়ে এখন মিছিল করলেই বেশি টাকা। প্রতিদিন দুই ঘণ্টা মিছিল করলেই ১০০ থেকে ২০০ টাকা পাওয়া যায়। সঙ্গে খাবার তো আছেই।’