প্যান্ডেলে আগুন দিল জনতা, লটারি বিক্রেতার দণ্ড
ফরিদপুরে একটি মেলার মাঠে লাকি কুপনের প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে জনতা। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় দেওয়ান সাগের শাহের মাজারসংলগ্ন মেলার মাঠে এ ঘটনা ঘটে।
এদিকে লাকি কুপন লটারিবিক্রেতা সহিদুল ইসলামকে (৩০) পুলিশ আটক করে গতকাল রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সহিদুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে। এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও বোয়ালমারীর ইউএনও মু. খায়রুজ্জামান।
বোয়ালমারী থানার পুলিশ সূত্র জানায়, গত শনিবার থেকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় দেওয়ান সাগের শাহের মাজারসংলগ্ন মাঠে সপ্তাহব্যাপী মেলা শুরু হয়। এ মেলায় মায়ের দোয়া লাকি কুপন প্যান্ডেলে লটারির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু লটারির টিকিট বিক্রি করা হলেও রাত সাড়ে ১১টার দিকেও লটারির উদ্যোগ না নিয়ে পালিয়ে যান লটারির আয়োজকেরা। এ ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে উত্তেজিত জনতা লাকি কুপন প্যান্ডেলে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও লাকি কুপন লটারিবিক্রেতা সহিদুল ইসলামকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মু. খায়রুজ্জামান জানান, লটারির মাধ্যমে জুয়ার আয়োজন করায় এ দণ্ড দেওয়া হয়।