প্যান্ডেলের নিচে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাঁশ ও কাপড় দিয়ে প্যান্ডেল তৈরি করে এর নিচে বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা পরীক্ষা নেওয়া হয়েছে। উপজেলার ইসুবপুর ইউনিয়নে দগরবাড়ী গ্রামে টোলের বাজারে বসন্ত কুমার সংস্কৃত মহাবিদ্যালয়ে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই পরীক্ষা হয়।
ওই মহাবিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পারায় শিক্ষার্থীদের প্যান্ডেলের নিচে পরীক্ষা নেওয়া হয়েছে।
পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় বলেন, গত সোমবার থেকে ওই পরীক্ষা শুরু হয়। গত বৃহস্পতিবার সর্বশেষ পরীক্ষা হয়। এতে মোট ১১৩ জন শিক্ষার্থী অংশ নেন। মহাবিদ্যালয়ের একটি মাত্র ঘরে স্থান সংকুলান হয় না। তাই প্রতিবছর মহাবিদ্যালয়ের মাঠে প্যান্ডেল বানিয়ে অস্থায়ী ঘর তৈরি করে পরীক্ষা নেওয়া হয়।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অখিল চন্দ্র রায় বলেন, ১৯৯১ সালে স্থানীয় টোলের বাজারে ৩৪ শতক নিজস্ব জমির ওপরে এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ইটের তৈরি দেয়াল ও ওপরে টিনের ছাউনি দিয়ে দুটি ঘর তৈরি করা হয়। একটি ঘর অফিস ও অন্যটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাভাবে মহাবিদ্যালয়টির আরও ঘর নির্মাণ করা সম্ভব হয়নি। এ কারণে প্যান্ডেল করে ওই ডিপ্লোমা পরীক্ষা নেওয়া হয়। এখানে শিক্ষক আছে, প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ থাকলে ছাত্রসংখ্যা বাড়ত।