প্যারাডক্সের অনেক প্রকল্পের হদিস নেই, তবু লাভ দিচ্ছে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারাডক্স মেডিকেল কলেজ, হাসপাতাল, আমদানি-রপ্তানি থেকে শুরু করে ২১টি প্রকল্প ‘বর্তমান’ আছে প্যারাডক্স গ্রুপের। প্রস্তাবিত প্রকল্পও ২০টি। এসব প্রকল্পে বিনিয়োগ বাবদ লোকজনকে প্রতি লাখে প্রতি মাসে নয় হাজার ২৫০ টাকা করে মুনাফা দিচ্ছে তারা।অথচ প্রতিষ্ঠানটির মাত্র তিনটি প্রকল্প চালু আছে বলে কর্মকর্তাদের দাবি। ব্যবসাপ্রতিষ্ঠানের সাধারণ নিয়ম অনুযায়ী আর্থিক বছর শেষে লাভ হলে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করার কথা। কিন্তু প্যারাডক্সের ক্ষেত্রে তা করা হয়নি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, তাঁরা অন্য ‘খাত’ থেকে শেয়ারহোল্ডারদের মুনাফা দিচ্ছেন। তবে কোন ‘খাত’ থেকে তাঁরা মুনাফা দিচ্ছেন তা বলেননি।প্রতি মাসে নিশ্চিত ‘অতি মুনাফার’ লোভে সাধারণ মানুষ ছুটছে প্যারাডক্সে বিনিয়োগের জন্য। ইতিমধ্যে তাদের শেয়ারহোল্ডারের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, বৃহত্তর ময়মনসিংহের অন্য জেলায় প্যারাডক্সের কার্যালয় খোলা হয়েছে।প্যারাডক্সের প্রচারপত্রে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকার উত্তরা, সেক্টর-১১, রোড-২/বি, বাড়ি-৮/এ (পঞ্চম তলা) উল্লেখ রয়েছে। গত বুধবার ওই বাসার সামনে প্যারাডক্সের কোনো সাইনবোর্ড দেখা যায়নি। বাড়ির নিরাপত্তারক্ষী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘প্যারাডক্সের কার্যালয় বন্ধ। তাদের লোকজন মাসে দুই-তিন দিন এসে অফিস করেন। কী কাজ করেন জানি না।’ অনুসন্ধানে জানা গেছে, লোকজন প্যারাডক্সের বিভিন্ন প্রকল্পের শেয়ার কেনেন। কেউ এক লাখ টাকার শেয়ার কিনলে লভ্যাংশ বাবদ তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। তবে বিভিন্ন খাতে কর্তন বাবদ একজন শেয়ারহোল্ডার দুই বছর পর্যন্ত মাসে নয় হাজার ২৫০ টাকা করে পাবেন। অর্থাৎ এক লাখ টাকা বিনিয়োগ করে দুই বছরে মোট দুই লাখ ২২ হাজার টাকা। এ ছাড়া লোকজন বহুবিপণন পদ্ধতিতে নতুন সদস্য সংগ্রহ করার মাধ্যমে নির্দিষ্ট অনুপাতে লাভ পান।নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একাধিক সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা বলেন, যেখানে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো সঞ্চয়ের বিপরীতে মাসিক সর্বনিম্ন ৪ শতাংশ থেকে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত মুনাফা দেয়, সেখানে প্যারাডক্স ১১৪ শতাংশ পর্যন্ত মুনাফা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে জমা রাখা প্রতি লাখ টাকার বিপরীতে প্রতিষ্ঠানটি কীভাবে মাসিক নয় হাজার ২৫০ টাকা করে মুনাফা দিচ্ছে, তা সন্দেহজনক।প্যারাডক্সের প্রশিক্ষক আনিসুর রহমান তাঁদের বিভিন্ন প্রকল্পের নাম উল্লেখ করে বলেন, ‘কোনো কিছু উৎপাদন করলে তা ৫ থেকে ১০ গুণ বাড়ে। আর তাই গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা উৎপাদনে ব্যবহার করে লাভ দিই।’প্যারাডক্সের ২১ প্রকল্প: প্যারাডক্সের প্রচারপত্রে বর্তমান প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে: প্যারাডক্স মেডিকেল কলেজ, মেডিকেল হাসপাতাল, ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার, ল্যাবরেটরিজ, এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, হারবাল অ্যান্ড নিউট্রাসিক্যালস, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস, পার্শেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, প্যারাডক্স ডেভেলপার্স, সুপার শপ, টাইলস, ফুড অ্যান্ড বেভারেজ ও হাউজিং, প্যারাডক্স ২০০৫ লিমিটেড, প্যারাডক্স ফাউন্ডেশন, পিএবিএসটি এবং রেমেক্স ল্যাবরেটরিজ ও ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিটেড।এসব প্রকল্পের মধ্যে শুধু প্যারাডক্স এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট, প্যারাডক্স ফার্মাসিউটিক্যালস ও রেমেক্স ল্যাবরেটরিজ লিমিটেড কারখানা চালু আছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রকিবুল হাসান। তিনি বিভিন্ন ভুল স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শেয়ার বিক্রির প্রক্রিয়াটি সঠিক হয়নি। আর শেয়ার বিক্রিকালে এত অধিক হারে মুনাফা দেওয়ার কাজটিও ঠিক হয়নি। তবে শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০ কোটি টাকার জমি কেনা হয়েছে। ওই সব জমির দাম বাড়ছে। তা ছাড়া উৎপাদন থেকে এই মুহূর্তে শেয়ারহোল্ডারদের লাভের টাকা দেওয়া সম্ভব না হলেও আমরা অন্য খাত থেকে দিচ্ছি।’রকিবুল বলেন, কেবল সভা থাকলেই ঢাকার প্রধান কার্যালয় খোলা হয়। বাকি সময় তালাবদ্ধ থাকে। প্যারাডক্সে ডিবি পুলিশ: এদিকে ময়মনসিংহ শহর থেকে ঋণ দেওয়ার নামে দুই সহস্রাধিক দরিদ্র মানুষের কাছ থেকে জামানতের অর্থ বাবদ কোটি টাকা হাতিয়ে নিয়ে দুই সপ্তাহ আগে কমিউনিটি হেলথ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান উধাও হওয়ার পর প্রশাসনের টনক নড়েছে। একই ধরনের আশঙ্কা তৈরি হওয়ায় গত রোববার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডের ভাড়া বাসার নিচতলায় প্যারাডক্সের কার্যালয়ে যান। তাঁরা কাগজপত্র দেখার পর প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মুখলেছুর রহমানকে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যান। পরে সব নথিপত্র হাজির করার নির্দেশ দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ডিবির অভিযানের খবর ছড়িয়ে পড়লে বিকেলে শতাধিক গ্রাহক প্যারাডক্সের কার্যালয়ের সামনে ভিড় করেন।ডিবি ওসি জিয়াউল হক সাংবাদিকদের বলেন, ‘প্যারাডক্সের কার্যক্রম নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলায় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আমাদের কাছে কিছু কাগজ জমা দিয়েছে। বাকি সব কাগজ শিগগিরই জমা দেবে।’