প্যারাবন দখল করে শুঁটকিমহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার লেমশিখালী এলাকায় উপকূলীয় বন বিভাগের প্যারাবন ধ্বংস করে একাধিক শুঁটকিমহাল ও লবণ উৎপাদনের মাঠ তৈরি করা হয়েছে। বন বিভাগ এসব দখলদারকে উচ্ছেদ করতে পারছে না।
উপকূলীয় বন বিভাগ কক্সবাজার অঞ্চলের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, গতকাল বুধবার বিকেল পর্যন্ত দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। বর্তমানে একাধিক মহালে শুঁটকি তৈরি হচ্ছে। তা ছাড়া বন উজাড় করে জমিকে লবণ উৎপাদনের উপযোগী করে তোলা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিতে থাকা এ উপজেলার মানুষের জানমালের রক্ষায় দ্বীপের চারদিকে প্রায় এক হাজার একরে প্যারাবন সৃষ্টি করা হয়। কিন্তু মাত্র আটজন বন কর্মকর্তা-কর্মচারীর পক্ষে তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
উপজেলা বন রেঞ্জ কর্মকর্তা অশোক কুমার রায় বলেন, ১৩ নভেম্বর সকাল থেকে লেমশিখালীর বাসিন্দা আব্বাস কোম্পানি শতাধিক শ্রমিক দিয়ে প্রায় এক লাখ বাইনগাছের চারা উপড়ে ফেলে সেখানে বাঁশের মাচা বানিয়ে শুঁটকিমহাল তৈরি করছেন। বনকর্মীরা উচ্ছেদ করতে গেলে লাঠিয়াল বাহিনী দিয়ে বাধা দেওয়া হয়। ওই দিন দ্বিতীয় দফায় উচ্ছেদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বন বিট কর্মকর্তা আবদুল হাকিম কুতুবদিয়া থানায় ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ করলেও এখন পর্যন্ত প্রতিকার পাওয়া যাচ্ছে না।
আবদুল হাকিম বলেন, শুঁটকিমহাল ও লবণ মাঠের জন্য ১০ একর প্যারাবন দখল করা হয়েছে। দখলদারদের দ্রুত উচ্ছেদ করা না হলে অন্য প্যারাবনও রক্ষা করা যাবে না।
আব্বাস কোম্পানি বলেন, যুগ যুগ ধরে স্থানীয় ভূমিহীন লোকজন এখানে শুঁটকি উৎপাদন করে আসছে। এবারও মৌসুম শুরুর আগে পরিত্যক্ত মাঠে শুঁটকিমহাল তৈরি করা হয়েছে। এখানে বন বিভাগের কোনো গাছ ছিল না, চারাও রোপণ করা হয়নি। পরিত্যক্ত জমিতে লবণ উৎপাদন করে কয়েক শ চাষি পরিবার জীবিকা নির্বাহ করছে।
কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, বন বিভাগ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।