প্যারাবন ধ্বংস চলছেই হুমকিতে উপকূল
নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় এলাকায় প্যারাবনে লাগানো কেওড়া ও বাইনগাছ অবাধে কাটা হচ্ছে। স্থানীয় লোকজন জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করার জন্য এসব গাছ কাটছে। বন বিভাগ গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করলেও এ অপতৎপরতা বন্ধ হচ্ছে না।বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, এ রেঞ্জের অধীন ছয়টি বিটের আওতায় প্রায় ২০ হাজার একর জমিতে প্যারাবন আছে। এর মধ্যে মাতারবাড়ী বিটে দুই হাজার ৫০০, ঝাপুয়াতে চার হাজার, বড়দিয়ায় এক হাজার ৫০০, ঘটিভাঙ্গায় ছয় হাজার, সোনাদিয়া দ্বীপে পাঁচ হাজার ও পোকখালীতে এক হাজার একর প্যারাবন আছে। এসব এলাকায় লাগানো গাছ রক্ষা ও পাহারা দেওয়ার জন্য আছে মাত্র দুটি বিট থাকলেও বাকি ১০টিতে কোনো বন প্রহরী নেই। এ কারণে কাঠচোর ও ভূমিদস্যুরা অবাধে গাছ কাটার সুযোগ পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূল রক্ষার জন্য বন বিভাগ ২০০০ সালে বাইনগাছ লাগিয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন প্রহরী জানান, তাজিয়াকাটা এলাকার বাসিন্দা আতাউর রহমান, আমিন শরীফ ও বাদশা মিয়াসহ বিভিন্ন এলাকায় অন্তত দুই হাজার লোক গাছ কাটার সঙ্গে জড়িত বলে তাঁদের কাছে অভিযোগ আছে।আতাউর রহমান, আমিন শরীফ ও বাদশা মিয়া বলেন, ‘ছোটখাটো ব্যবসা করে সংসার চালানো যায় না। তাই অভাবের তাড়নায় বাধ্য হয়ে বন থেকে গাছ কাটতে হচ্ছে।’ সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঘটিভাঙ্গা, বড়দিয়া, তাজিয়াকাটা, সোনাদিয়া ও মগচর এলাকার বিভিন্ন স্থানে প্যারাবনের বাইনগাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন। ছোট ছোট নৌকা ভর্তি করে লোকালয়ে নিয়ে এসে তা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করছে। আবার অনেকে বিভিন্ন বাজারে নিয়ে এসব গাছ জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করছে। এ ছাড়া বিভিন্ন পানের বরজে খুঁটি হিসেবে প্যারাবনের বাইনগাছ ব্যবহার করছে। গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, ১৯২৭ সালের বন আইনের ২৬ ধারায় সংরক্ষিত বনে প্রবেশ ও গাছ কাটা নিষিদ্ধ করা হয়েছে। অথচ এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কাটা হচ্ছে। বেসরকারি সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের পরামর্শক আবদুল কাইয়ুম বলেন, চলতি বছর প্যারাবন থেকে বাইনগাছ কেটে লোকালয়ে নিয়ে আসার সময় ঘটিভাঙ্গা ও তাজিয়াকাটা এলাকা থেকে কাঠ ভর্তি ১৩টি নৌকা জব্দ করা হয়েছে। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর ঘটভাঙ্গা থেকে প্যরাবনের বাইনগাছ ভর্তি একটি নৌকা জব্দ করা হয়। বাইনগাছ কাটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। বড়দিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত বন প্রহরী তোফাজ্জল হোসেন বলেন, বিট এলাকায় অফিস নেই। প্রায় আট কিলোমিটার দূরে একটি ভাড়া বাসা নিয়ে অফিস চালাতে হচ্ছে। এতে বনের গাছ রক্ষার কাজ করা কঠিন হয়ে পড়েছে। গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, ইতিমধ্যে বাইনগাছ ভর্তি বেশ কয়েকটি নৌকা জব্দ করার পর চলতি বছরে এ পর্যন্ত ২০টি মামলা দেওয়া হয়। কিন্তু লোকবল সংকটের কারণে প্যারাবনের গাছ নিধন ঠেকানো যাচ্ছে না। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম কাউসার হোসেন বলেন, ‘লোকবল সংকটের কারণে প্যারাবন রক্ষা করতে গিয়ে বন কর্মীরা হিমশিম খাচ্ছেন। এ বিষয়টি জেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির সভায় বেশ কয়েকবার উত্থাপন করা হয়।’