প্যারাবন নিধন করে চিংড়িঘেরের বাঁধ নির্মাণ চলছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনকর্মীদের বাধা উপেক্ষা করেই কক্সবাজারের মহেশখালী উপজেলায় দিনেদুপুরে প্যারাবন নিধন করে সরকারি বনভূমির ওপর চিংড়িঘের করার জন্য বাঁধ নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে বনকর্মীরা বেশ কয়েকবার বাধা দিলেও অবৈধ দখলদারেরা তা অমান্য করে বাঁধ নির্মাণকাজ চালাচ্ছেন। উপকূলীয় বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট বিটের আওতাধীন চরণদ্বীপে নুরুল আমিনের নেতৃত্বে শতাধিক লোক দুই মাস আগে প্যারাবন নিধন করে অবৈধভাবে চিংড়িঘের করার জন্য বাঁধ নির্মাণকাজ শুরু করে। ইতিমধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় তিন হাজার কেওড়াগাছ কেটে অন্তত ১০ একর বনভূমির ওপর চিংড়িঘেরের বাঁধ তৈরি করা হয়েছে। তবে এক সপ্তাহ আগে প্যারাবন নিধন করে বাঁধ নির্মাণ করার সময় স্থানীয় বনকর্মীরা বাধা দেন। এতে দখলদারেরা ক্ষিপ্ত হয়ে বনকর্মীদের ওপর হামলা চালালে দুজন বনকর্মী আহত হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি বন বিভাগের কক্সবাজারের উপকূলীয় বন সংরক্ষক এনামুল হক ভূঁইয়া ও গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ জাহাঙ্গীর ইকবালের নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে গেলে অবৈধ দখলদারেরা পালিয়ে যায়। পরে ওই দিন বনকর্মীরা নির্মাণাধীন চিংড়িঘেরের বাঁধ কেটে দেন। এতে কিছুদিন বন্ধ থাকলেও কয়েক দিন যেতে না যেতেই তারা আবারও প্যারাবন কেটে ঘেরের বাঁধ তৈরির নির্মাণকাজ শুরু করে। এ কারণে গত বৃহস্পতিবার দুপুরে গিয়ে বনকর্মীরা আবারও ওই ঘেরের নির্মাণাধীন বাঁধ কেটে দেন।স্থানীয় জেমঘাট বিট কর্মকর্তা মোহামঞ্চদ ইব্রাহিম বলেন, প্যারাবন নিধন করে অবৈধভাবে ঘেরের জন্য বাঁধ নির্মাণের অভিযোগ এনে ইতিমধ্যে অবৈধ দখলদার নুরুল আমিনের বিরুদ্ধে বন আইনে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। এর পরও বাঁধ নির্মাণকাজ বন্ধ করা যাচ্ছে না।বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘তথ্য গোপন করে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি ২০০৬ সালে প্রায় ১০ একর সরকারি বনভূমি ইজারা নেন এবং দুই মাস আগে ওই জমির ওপর অবৈধভাবে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করছেন। এতে বাঁধ তৈরি করতে গিয়ে প্যারাবনের অন্তত তিন হাজার কেওড়াগাছ নিধন করা হয়েছে।’