প্যারাবন নিধন করে বেড়িবাঁধ নির্মাণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য কাটা হচ্ছে প্যারাবন। গতকাল দুপুরে তোলা ছবি  l প্রথম আলো
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য কাটা হচ্ছে প্যারাবন। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

প্যারাবন নিধন করে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে।
বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) কক্সবাজার জেলা সমন্বয়কারী জয়নাল আবেদীন খান প্রথম আলোকে বলেন, বিদেশি সংস্থার সহায়তায় ২০১০ সালে জামিরছড়ি চর এলাকায় প্রায় ১১০ একর জমিতে অন্তত দেড় লাখ বাইন ও কেওড়াগাছ রোপণ করে প্যারাবন সৃজন করা হয়। ওই প্যারাবন প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে উপকূলের মানুষকে রক্ষা করে আসছিল। তিনি বলেন, গত বুধবার থেকে জামিরছড়ি এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন ঠিকাদার। বেড়িবাঁধ নির্মাণ করতে গিয়ে এ পর্যন্ত অন্তত তিন হাজার বাইন ও কেওড়াগাছ কেটে ফেলা হয়েছে। এতে বাধা দিয়েও কোনো কাজ হচ্ছে না।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের জন্য এক্সকাভেটর দিয়ে মাটি কাটতে গিয়ে কাটা পড়ছে প্যারাবনের বাইন ও কেওড়াগাছ। এই সুযোগে স্থানীয় লোকজনও লাকড়ির জন্য কেটে নিয়ে যাচ্ছে বাইন ও কেওড়াগাছ।
শাপলাপুর ইউনিয়নের জেমঘাট বিট কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেড়িবাঁধ নির্মাণ করতে গিয়ে ঠিকাদার প্যারাবন নিধন করছেন। বনকর্মী ও উবিনীগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েকবার বাধা দিলেও কোনো কাজ হয়নি।
বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেন, প্যারাবন ধ্বংস করে বেড়িবাঁধ নির্মাণের খবর শুনে গতকাল সকালে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। কিন্তু কয়েক ঘণ্টা কাজ বন্ধ থাকার পর আবারও ঠিকাদারের লোকজন প্যারাবন ধ্বংস করে বাঁধ নির্মাণ করছেন বলে তাঁরা শুনেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদারের কাজের তদারককারী মোহাম্মদ ফেরদৌস বলেন, নির্বিচারে গাছ নিধন করা হচ্ছে না। এক্সকাভেটর দিয়ে মাটি নিতে গিয়ে কয়েকটি গাছ কাটা পড়েছে। তাঁর দাবি, স্থানীয় লোকজন প্রকাশ্যে প্যারাবন কেটে নিয়ে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে জামিরছড়ি এলাকায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। ওই নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএএসআই জেবি। তিনি বলেন, পাশের চর থেকে বেড়িবাঁধের মাটি নিতে গিয়ে কয়েকটি গাছের ক্ষতি হতে পারে।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান বলেন, প্যারাবন নিধন করে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।