প্যারাবনে পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোকার আক্রমণে কক্সবাজারের মহেশখালী উপকূলে বাইনগাছের পাতা ও ডালপালা শুকিয়ে যাচ্ছে।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, মহেশখালী উপকূলের গোরকঘাটা, চরপাড়া, মহেশখালী জেটি-সংলগ্ন এলাকা, সোনাদিয়া, বড়দিয়া, পোকখালী, ঘটিভাঙ্গা, কালারমারছড়ার ঝাপুয়া ও মাতারবাড়ি ইউনিয়নের প্রায় ১৭ হাজার একর জায়গায় বাইনগাছ রোপণ করা হয়েছে। উপকূলীয় এলাকার লোকজনকে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য এই প্যারাবন সৃজন করা হয়। গত অক্টোবরে প্যারাবনের বাইনগাছে পোকার আক্রমণ দেখা দেয়।
গত বৃহস্পতিবার সোনাদিয়া দ্বীপ, ঘটিভাঙ্গা, মহেশখালী জেটি-সংলগ্ন এলাকা ও বড়দিয়া এলাকা ঘুরে দেখা যায়, বন বিভাগের সৃজিত প্যারাবনে পোকার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। অসংখ্য বাইনগাছের পাতা ঝরে গেছে। শুকিয়ে গেছে অনেক গাছ।
শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন ও মিজানুর রহমান বলেন, পোকার আক্রমণে প্যারাবনের বাইনগাছ শুকিয়ে যাচ্ছে। এলাকার লোকজন এসব গাছ কেটে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
পোকায় আক্রান্ত গাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখার জন্য গোরকঘাটা রেঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক গত ২৫ অক্টোবর চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির ৬ নভেম্বর ক্ষতিগ্রস্ত প্যারাবন পরিদর্শন করেন।
মোহাম্মদ আনিসুল হক বলেন, অন্তত দুই হাজার একর প্যারাবনে পোকায় আক্রমণ করেছে। তিনি জানান, পরীক্ষা করে দেখার জন্য আক্রান্ত বাইনগাছের পাতা, ডালপালা ও পোকার নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, গত বছরও পোকার আক্রমণ হয়েছিল। তবে প্যারাবনের কোনো ক্ষতি হয়নি।
বন গবেষণা ইনস্টিটিউটের বনরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পোকার আক্রমণে প্যারাবনের বড় ধরনের ক্ষতি হবে না। তবে বাইনগাছের স্বাভাবিক বৃদ্ধি হবে না। তিনি বলেন, পরিবেশগত কারণে কীটনাশক দিয়ে পোকা ধ্বংস করা সম্ভব নয়। কারণ, কীটনাশক ব্যবহার করলে মানুষ, জলজ প্রাণী ও পাখির মারাত্মক ক্ষতি হবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বলেন, গত বছর কাক, শালিক ও বক পোকা খেয়ে ফেলায় প্যারাবন মড়ক থেকে রক্ষা পায়। এবারও বিভিন্ন প্রজাতির পাখি পোকা খেয়ে প্যারাবনকে মড়ক থেকে রক্ষা করবে বলে তাঁরা আশা করছেন।