হাসপাতালে সরেজমিন : চিকিৎসক মাত্র দুজন, নার্সও দুজন
প্যারাসিটামল ট্যাবলেটও নেই মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে

দক্ষিণের জেলা ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন মাত্র দুজন। নার্সও দুজন। সাধারণ পরীক্ষার সুবিধা তো দূরের কথা, এক্স-রে যন্ত্রও নেই। রোগীরা সাধারণ ওষুধও পাচ্ছে না। ওষুধ কিনতে হয় বাইরে থেকে।
অথচ সংকট আর নেই—এর বৃত্তে থাকা এই স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলাটির মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ভরসা। গতকাল রোববার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ভর্তি থাকা কয়েকজন রোগী বলেন, তাঁদের বাইরের দোকান থেকে ওষুধ কিনতে হচ্ছে। হাসপাতালে প্যারাসিটামল ট্যাবলেটও নেই।
পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা চর জ্যোতি গ্রামের মো. ইউনূস দুপুরে প্রথম আলোকে বলেন, নদীতে ডাকাতের হামলায় আহত হয়ে তিনি দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে।
অন্তর্বিভাগে ভর্তি হওয়া আরও বেশ কয়েকজন রোগী একই অভিযোগ করেছেন। ৩১ শয্যার এই হাসপাতালে গতকাল ভর্তি ছিলেন ২৪ জন। তাঁদের নয়জন পুরুষ। আর গতকাল বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২৩০ জন।
স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. মো. মাহামুদুর রশীদ। তিনি বলেন, ‘হাসপাতালে সামান্য কিছু ওষুধ আছে। কোনোরকমে ১৫ দিন চলবে। তারপর আর ওষুধ দেওয়া সম্ভব হবে না, লজ্জায় পড়ে যাব।’
ওষুধসংকটের কারণ হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোরকিপার নেই এক মাস ধরে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে বদলি করেছে। জেলা সদর থেকে ওষুধ আনবেন এমন কর্মচারী এখানে নেই। এই হাসপাতালে কোনো ফার্মাসিস্টও নেই।
মনপুরা উপজেলায় প্রায় এক লাখ মানুষের বাস। তাদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই বড় চিকিৎসাকেন্দ্র। কারণ, উপজেলায় বেসরকারি কোনো ক্লিনিক নেই। ইউনিয়ন পর্যায়ে কোনো উপ-স্বাস্থ্যকেন্দ্রও নেই। আছে শুধু নয়টি কমিউনিটি ক্লিনিক। তাই সব মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভিড় করে। কিন্তু এখানেও জনবলের চরম সংকট চলছে।
এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ নয়টি। অথচ কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ মাত্র দুজন। নার্সের পদ আছে ১১টি। এই পদেও কাজ করছেন দুজন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই হাসপাতালে অনেক কিছুই নেই। হাসপাতালের সমস্যা নিয়ে তিনি একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দিয়েছেন। কিন্তু কোনো ফল হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, এই হাসপাতালে সাধারণ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কোনো ল্যাবরেটরি নেই। একটি সাধারণ এক্স-রে যন্ত্র পর্যন্ত নেই। কোনো টেকনিশিয়ান নেই। জরুরি প্রসূতিসেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীও নেই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গত সাত মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তিনজন প্রসূতির মৃত্যু হয়েছে। প্রত্যন্ত গ্রামে কোনো প্রসূতির মৃত্যু হয়েছে কি না, তা অবশ্য তিনি জানাতে পারেননি।
জরুরি কোনো রোগী এলে কী করে সামাল দেন, এমন প্রশ্নের জবাবে মো. মাহামুদুর রশীদ বলেন, জরুরি রোগীকে সেবা দেওয়ার কোনো সুবিধাই এখানে নেই। এমন রোগীকে নদীপথে ভোলা সদর বা চরফ্যাশন যেতে হবে।
এত কিছু না থাকলেও আশা ছাড়েননি এই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর ভোলার চরফ্যাশন থেকে বদলি ও পদোন্নতি পেয়ে মাহামুদুর রশীদ এই হাসপাতালে এসেছেন। তিনি এই হাসপাতালকে স্বাস্থ্যসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করছেন। হাসপাতালকে পরিচ্ছন্ন করতে তিনি নিজে হাসপাতাল পরিষ্কার করছেন। সহকর্মীদের উৎসাহ দিচ্ছেন।
মনপুরা উপজেলার নানা বয়সী বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের পরিবেশ আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আগের চেয়ে বেশি মানুষ হাসপাতালে সেবা নিতে আসছে। এখন দরকার ঊর্ধ্বতন মহলের সহায়তা।