প্যারাসিটামল সেবনে শিশুমৃত্যু মামলার সাক্ষী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৩ সালে মাননিয়ন্ত্রণহীন ওষুধ প্রস্তুতের অভিযোগে করা মামলার সাক্ষী ও ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক আবুল খায়েরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুর রশিদ এ আদেশ দেন।

১৯৮২ সালের ঔষধ মান নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনের অধীনে ১৯৯৩ সালে এ মামলা করা হয়। মামলার বিবরণে বাদী অভিযোগ করেন, ১৯৯২ সালে শেরেবাংলা নগরের শিশু হাসপাতালে প্যারাসিটামল-জাতীয় ওষুধ সেবন করে অনেক শিশু মারা যায়। ওই সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বিসিআই লিমিটেডের প্রস্তুত করা প্যারাসিটামল সিরাপের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। পরীক্ষায় বিষাক্ত এক ধরনের পদার্থের সন্ধান পাওয়া যায়। এটিকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।

এ মামলায় ১৮ দফায় সাক্ষ্য দেওয়ার জন্য সমন পেয়েও হাজির না হওয়ায় আবুল খায়েরকে তিরস্কার করেন আদালত। কেন আবুল খায়ের আদালতে আসেননি, তার কারণ জানতে চাওয়া হয়। তবে আবুল খায়ের সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে আদালত মামলার কাগজপত্র দেখতে চান। আবুল খায়ের আদালতে কাগজপত্র উপস্থাপন করতেও ব্যর্থ হন। আদালত আংশিক সাক্ষ্য গ্রহণ করে তাঁকে পুলিশ হেফাজতে আটক রাখার নির্দেশ দেন। বাকি সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

মেসার্স বিসিআই বাংলাদেশ লিমিটেডের পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। মামলায় আসামি করা হয় প্রতিষ্ঠানের পরিচালক শাহজাহান সরকার, উত্পাদন ব্যবস্থাপক এমতাজুল হক, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, নির্বাহী পরিচালক এ এস এম বদরুদ্দোজা চৌধুরী, পরিচালক শামসুল হক ও নুরুন নাহারকে।

উল্লিখিত লোকজনের মধ্যে শাহজাহান আদালতে হাজির ছিলেন। বাকিরা জামিনে পলাতক। মামলার নথি সূত্রে জানা গেছে, প্রথমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনির হোসেন সরকার, তাঁর স্ত্রী অরফরন্নেসা, ছেলে এ বি এম নাসির উদ্দিনকে আসামি করা হলেও পরে মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।