প্যারিস এখনো থমথমে
ভয়াল হামলার পর প্যারিস এখনো থমথমে। প্রাথমিক বিভীষিকা কাটিয়ে উঠলেও এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি ফ্রান্সের রাজধানী ও বহু জাতি-গোষ্ঠীর সম্মিলনীর এই শহর।
গত শুক্রবার রাতে প্যারিসের যেসব জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছিল, মানুষ সেসব জায়গায় গিয়ে ফুল দিয়ে তাঁদের শ্রদ্ধা জানাচ্ছেন, মোমবাতি জ্বালিয়ে নিহত ব্যক্তিদের শান্তি কামনা করছেন। গোটা শহরজুড়ে ছড়িয়ে আছে শোকের ছায়া।
তারপরও ভয়ভীতি কাটিয়ে ওঠে মানুষ কাজে বের হয়েছেন, তবে সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। শনিবার রাতেও প্যারিসের ক্যাফে, রেস্তোরাঁ, বাস বা সাবওয়ে স্টেশনগুলোতে মানুষের আনাগোনা ছিল অনেক কম। পর্যটনের জন্য বিখ্যাত ইউরোপের এ শহরে পর্যটকদের সংখ্যাও কমে গেছে। দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোতে স্বাভাবিকভাবে আগের মতো ভিড় ছিল না।
গত শনিবার রাতে মানুষের চেয়ে প্যারিসের রাস্তায় বেশি দেখা গেছে পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের। নিরাপত্তার জন্য অতিরিক্ত তিন হাজার সেনাসদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে কমান্ডো ব্রিগেড। রাতে শহরের রাস্তায় হেঁটে দেখা গেল, রাস্তার মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।