কপ–২২–এর চ্যালেঞ্জ ও পথরেখা শীর্ষক আলোচনা
প্যারিস চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে প্যারিস চুক্তিতে স্বাক্ষর করানো। আগামী নভেম্বরে মরক্কোর মারাকাসে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনের আগেই রাষ্ট্রগুলো যাতে ওই চুক্তিতে স্বাক্ষর ও নিজ দেশের সংসদে অনুমোদনের ব্যবস্থা করে সেই চেষ্টা করা।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূতের বাসভবনে এ আলোচনা সভা হয়। কপ-২২-এর চ্যালেঞ্জ ও পথরেখা শীর্ষক এই আলোচনা সভার বিষয়বস্তু ছিল প্যারিস চুক্তি বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশের করণীয়। আলোচনায় দেশের জলবায়ু বিশেষজ্ঞ ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং দূতাবাসগুলোর কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল কাদের এ ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, প্যারিস চুক্তিতে স্বাক্ষর করতে জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে অনুরোধপত্র এসেছে। বাংলাদেশ ওই চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে। প্যারিস সম্মেলনে কার্বন নিঃসরণ কমানোর যে অঙ্গীকার বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছিল, তা শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।
সভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, প্যারিস সম্মেলন সফল করতে ফ্রান্স সরকার তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু এখন পরবর্তী কাজ হবে বিশ্বের সব রাষ্ট্র যাতে ওই চুক্তিতে স্বাক্ষর করে এবং নিজ নিজ দেশের সংসদে তার অনুমোদন করে। সেই লক্ষ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একত্রে কাজ করার পরামর্শ দেন তিনি।
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি হোবার্ট বলেন, বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী রাষ্ট্রগুলো যাতে প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে, সেটাই এখন ফ্রান্স সরকারের সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২০ সালের মধ্যে বিশ্বের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ ৫৫ শতাংশ কমিয়ে আনার ব্যাপারে একটি রূপরেখা তৈরির জন্য কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
জলবায়ু বিশেষজ্ঞ সালিমুল হক বলেন, কার্বন নিঃসরণ কমানোর জন্য বাংলাদেশের মতো দেশের কয়লাখনি ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যাওয়া উচিত নয়।
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও তাপমাত্রা বেড়ে যাওয়ার বিপদ সম্পর্কে তথ্য-উপাত্ত তুলে ধরেন।