প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করবে ১৬০ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের ১৬০টি দেশ স্বাক্ষর করতে সম্মতি দিয়েছে। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ওই চুক্তি স্বাক্ষর হবে।
১৯ এপ্রিল সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে এ কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের জলবায়ু সাপোর্ট টিমের পরিচালক সিলউইন হার্ট ও জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইনফরমেশনের তথ্য কর্মকর্তা ডেন শেফার্ড। রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে জাতিসংঘ তথ্যকেন্দ্র, ঢাকা কার্যালয়ে বাংলাদেশের সাংবাদিকেরা সেদিন ওই ভিডিও সম্মেলনে যোগ দেন।
প্যারিস চুক্তিতে স্বাক্ষর করতে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল নিউইয়র্কে পৌঁছেছেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিশ্বের বেশির ভাগ গুরুত্বপূর্ণ দেশ ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে বলে জাতিসংঘ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্যারিস চুক্তি স্বাক্ষর হলেই কি বিশ্বের জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধান হয়ে যাবে—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ডেন শেফার্ড বলেন, এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিশ্ববাসী বিশ্বের কার্বন নিঃসরণ কমানোর একটি বৈশ্বিক উদ্যোগের পথে যাত্রা করবে। এর পরবর্তী ধাপ হবে চুক্তি বাস্তবায়নের রূপরেখা তৈরি করা।
১৬০টি দেশ প্যারিস চুক্তিতে স্বাক্ষর করলে বাকি ৩৭টি দেশ কবে স্বাক্ষর করবে—এ প্রশ্নে সিলউইন হার্ট বলেন, ‘আগামী বছরের ২২ এপ্রিল পর্যন্ত ওই চুক্তি স্বাক্ষরের সময় আছে।’