প্যারিস জলবায়ু সম্মেলনে সাত দাবি তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিস জলবায়ু সম্মেলনে আইনগত বাধ্যবাধকতাসহ একটি চুক্তি প্রণয়ন ও জলবায়ু আদালত প্রতিষ্ঠার দাবি তুলতে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠনগুলো। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতদের অধিকার এবং চলতি শতাব্দীর মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা যাতে দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে সে ব্যাপারে উদ্যোগ নিতে বাংলাদেশ যেন দাবি তোলে সে আহ্বানও জানানো হয়েছে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নয়টি সংগঠনের পক্ষ থেকে জলবায়ু-বিষয়ক এ ধরনের সাতটি দাবি তুলে ধরা হয়। ‘প্যারিস জলবায়ু সম্মেলনে আইনগত বাধ্যবাধকতার চুক্তি চাই’ শিরোনামে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন কৃষি ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক বিভিন্ন সংগঠনের নেটওয়ার্ক সিএসআরএলের জিয়াউল হক।
সিএসআরএলের শরমিন্দ নিলোর্মী বলেন, দুই বছর ধরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সরকারি প্রতিনিধি দলে যাঁরা অন্তর্ভুক্ত হচ্ছেন তাঁদের মধ্যে নাগরিক সমাজের অভিজ্ঞ ব্যক্তিরা থাকছেন না। এতে করে দেশের স্বার্থরক্ষার চেষ্টা ক্রমান্বয়ে দুর্বলতর হয়ে পড়ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আবদুল মতিন বলেন, ‘বর্তমান প্রতিনিধিদের ভূমিকা দেখে শঙ্কা হয়—তাঁরা ধনী দেশের স্বার্থের কাছেÿআমাদের দেশের স্বার্থকে ওয়াকওভার বা ছাড় দেবেন।’
এফইজেবির কামরুল ইসলাম চৌধুরী বলেন, জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে না গেলেও প্রতিনিধি দলের ওপর তাঁর নিয়ন্ত্রণ ও সার্বক্ষণিক নজর থাকা উচিত। জলবায়ু আলোচনায় সরকারি প্রতিনিধি দলের অবস্থান কী এবং প্রতিনিধিদের মধ্যে সমন্বয় কীভাবে হবে তা জনগণের কাছে প্রকাশ করার দাবি করেন ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরী। বিজ্ঞপ্তি।