প্যারিসে ইউনেসকোর প্রদর্শনীতে বাংলাদেশের চিত্রকর্ম
আন্তর্জাতিক নারী দিবসে ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে প্রদর্শনীর জন্য বাংলাদেশি দুজন শিল্পীর চিত্রকর্ম মনোনীত হয়েছে। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো এবং এর সদস্য দেশগুলোর আয়োজনে বাংলাদেশের কনকচাঁপা চাকমা ও রোকেয়া সুলতানার ছবি প্রদর্শিত হবে।
এবার এই প্রদর্শনীতে আটটি দেশের নয়জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের দুজন। কনকচাঁপা চাকমা এবং রোকেয়া সুলতানা শুধু বাংলাদেশ নয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার প্রতিনিধিত্ব করবেন।
প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও আজারবাইজান, বলিভিয়া, বেনিন, বুলগেরিয়া, কানাডা, পেরু ও রাশিয়ার চিত্রকর্ম প্রদর্শিত হবে। আগামী ৭ মার্চ প্যারিসে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বেকোভা। ২১ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে।
ইউনেসকোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শহীদুল ইসলাম মনে করেন, এটা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতির চিত্র তুলে ধরবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্যের চিত্রও ফুটে উঠবে।