প্যারিসে চার মার্কিন সিনেটরের সঙ্গে পরিবেশমন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল শনিবার ফ্রান্সের প্যারিসে মার্কিন কংগ্রেসের চারজন সিনেট সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো কীভাবে অধিকতর ভালোভাবে মোকাবিলা করতে পারে, তা নিয়ে আলোচনা হয়। খবর ইউএনবির।
জাতিসংঘের চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২১) অংশ নিতে বর্তমানে প্যারিসে রয়েছেন পরিবেশমন্ত্রী। ওই সম্মেলনের ফাঁকে গতকাল মার্কিন চার সিনেট সদস্যের পৃথক দুটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি এবং এর বিরূপ প্রভাবের সম্ভাব্য শিকার নাগরিকদের উপযোগী করে গড়ে তোলার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া সিনেট সদস্যরা হলেন জেফ মার্কলে (অরেগন), টম উডাল (নিউ মেক্সিকো), আল ফ্রাঙ্কেন (মিনেসোটা) ও কোরি বুকার (নিউ জার্সি)। প্যারিস সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের জলবায়ু পরিবর্তন-বিষয়ক আলোচক দলের সমন্বয়কারী ও বেসরকারি সংস্থা পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও নির্বাহী পরিচালক তারিন হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।