প্যারিসে বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী

বাংলাদেশি শিল্পীদের ৩০টি চিত্রকর্ম নিয়ে প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরের মিরা মিলনায়তনে একটি প্রদর্শনী শেষ হলো গতকাল শুক্রবার। ‘রিসাইলেন্ট বাংলাদেশ: লিভিং ইন হারমোনি উইথ ন্যাচার’ নামের পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর। বন্যা, ঘূর্ণিঝড় তথা বিরূপ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে কীভাবে টিকে থাকছে মানুষ—এই বিষয়টিই উঠে এসেছে ছবিগুলোয়। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস সূত্রে খবরটি জানা গেছে।
প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন ইউনেসকোর আইওসির ব্যবস্থাপনা পরিচালক ভ্লাদিমির রিয়াবিনিন এবং ইউনেসকোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শহীদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফরাসি সিনেটর জেরোম দুরিয়ান, ইউনেসকোর নির্বাহী বোর্ডের সভাপতি মিসরের রাষ্ট্রদূত মোহাম্মাদ সামেহ আমর।
প্রদর্শনীটি হচ্ছে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায়। বাংলাদেশকে ইতিবাচকভাবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই আয়োজন। বাংলাদেশের সুখ্যাত শিল্পী রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, মুনীরুজ্জামান, শাহাদাত হোসেন, মূকাভিনয়শিল্পী পার্থপ্রতিম মজুমদার প্রমুখ।