প্যারিসে বাংলাদেশিরা নিরাপদে আছেন
ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার ঘটনায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রবাসী বাঙালিরা চরম উদ্বেগ-উত্কণ্ঠায় রয়েছেন। অনেকে ঘর থেকেই বের হননি।
প্যারিসে বসবাসরত কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। ভয়াবহ হামলার পর সব জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঢাকা থেকে যোগাযোগ করা হলে প্যারিসপ্রবাসী প্রখ্যাত মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার টেলিফোনে প্রথম আলোকে বলেন, তাঁর কাছে পুরো প্যারিস শহরকে মনে হয়েছে যেন একটি মৃত শহর। সব জায়গায় মানুষের মধ্যে আতঙ্ক। যাঁদের একেবারে না বেরোলেই নয়, তাঁরাই শুধু বের হয়েছেন। ফরাসি প্রেসিডেন্টও অনুরোধ করেছেন জরুরি কাজ না থাকলে কেউ যেন বের না হন।
এই মূকাভিনেতা বলেন, ‘সর্বধর্ম নিয়ে যেন পৃথিবীটা চলে এটাই কামনা করি। যারা ভুল পথে চলছে তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়। সবার জন্যই সুন্দর পৃথিবী হোক।’
বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজয় মহাজন। সেখানে থেকে তিনিও প্যারিসের কয়েকজন বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরাও উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানিয়েছেন। প্যারিসপ্রবাসী সাংবাদিক দেবেশ বড়ুয়া বলেন, প্যারিসে বর্তমানে প্রায় ৫০ হাজার বাংলাদেশি আছে।
প্যারিসে বসবাসরত চট্টগ্রামের শান্তনু বিশ্বাস গতকাল মুঠোফোনে বলেন, প্যারিসে এ ধরনের ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি। ঘর থেকে বের হতেই এখন তাঁর ভয় লাগছে। একই শহরে বসবাসরত সিলেটের বিয়ানীবাজারের মোহাম্মদ ফখরুল বলেন, প্যারিসের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্যারিসসহ ইউরোপের শহরগুলোতে প্রধান যোগাযোগ বা গণপরিবহন ব্যবস্থা হচ্ছে পাতালরেল, বাস, ট্রাম। এর মধ্যে পাতালরেলই প্রধান বাহন। শুক্রবার হামলার পর থেকে গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত পাতালরেল চলাচল সীমিত হয়ে গেছে। ঘটনার রাতে অনেকে ঘরে ফিরতেও ভোগান্তিতে পড়েন।