প্যারিসে হামলার পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা আরও জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গতকাল শনিবার ঢাকার কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্র বলেছে, গত ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলা খুন হওয়ার পর কূটনৈতিক পাড়া গুলশানে নিরাপত্তা বলবৎ করা হয়। এসব এলাকায় পুলিশের টহল ও বিভিন্ন স্থানে নিরাপত্তা তল্লাশিচৌকি বাড়ানো হয়। প্যারিসে সন্ত্রাসী হামলার পর গতকাল শনিবার কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে ফ্রান্স দূতাবাস ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। এই এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, ফ্রান্সের দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি রাজধানীর সর্বত্র নিরাপত্তা পর্যবেক্ষণ করছে।