প্যারিসের ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে বাংলাদেশ জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈন উদ্দীন খান বাদল। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এই দাবি জানান।

মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘আমি মনে করি, প্যারিসের ঘটনা নিয়ে এই সংসদে আলোচনা হওয়া উচিত। কারণ, যাঁরা গতকালও দুজন খুন হলেই আমাদের দেশে লোকজন আসতে মানা করতেন, নিষেধাজ্ঞা দিতেন, যাঁরা কথায় কথায় আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে আমাদের প্রতিরক্ষা বাহিনী নিয়ে কটাক্ষ করতেন, তাঁদের বোঝা উচিত বিশ্বের অন্যতম আধুনিক ফ্রান্স পুলিশ এগুলো আটকাতে পারছে না।’

দুদকের তদন্তকারীদের বিরুদ্ধে তদন্ত দাবি: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সাংসদ তাহজিব আলম সিদ্দিকী। গতকাল সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, এটা দিবালোকের মতো সত্য যে শর্ষেতে ভূত আছে। দুদকের যাঁরা তদন্তের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত।

হাজি সেলিমের ক্ষোভ: স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম রাজধানী ঢাকার সীমানা নির্ধারণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি করপোরেশন, রাজউক বা জেলা প্রশাসনের কাছে রাজধানীর সীমানা সম্প‌ে‌র্ক কিছু নেই। তিনি জরুরি ভিত্তিতে রাজধানীর সীমানা নির্ধারণের দাবি জানান।