প্যারোলে বেরিয়ে শপথ নিলেন গউছ

প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জি কে গউছ। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। বর্তমানে তিনি কারাগারে। আজ বুধবার সকালে প্যারোলে মুক্তি পেয়ে তিনি এ শপথ অনুষ্ঠানে অংশ নেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গউছকে ছাড়াও হবিগঞ্জের নবীগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটের নবনির্বাচিত চার মেয়র ও ৪৫ জন কাউন্সিলর শপথ নেন। তাঁদের শপথবাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার জালাল উদ্দিন ভূঁইয়া। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জি কে গউছ এর আগেও পৌরসভার টানা দুবারের মেয়র ছিলেন। কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁকে মেয়রপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
শপথ নেওয়া অপর মেয়রেরা হলেন মাধবপুর পৌরসভার হিরেন্দ্র লাল সাহা, শায়েস্তাগঞ্জ পৌরসভার মো. ছালেক মিয়া, চুনারুঘাট পৌরসভার নাজিম উদ্দিন শামছু ও নবীগঞ্জ পৌরসভার ছাবির আহমেদ চৌধুরী। এঁদের মধ্যে প্রথম দুজন আওয়ামী লীগ এবং পরের দুজন ও গউছ বিএনপি থেকে প্রার্থী হন।
শপথ গ্রহণ শেষে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছ বলেন, হবিগঞ্জের মানুষ তাঁর পক্ষে রায় দিয়ে প্রমাণ করেছেন তিনি কিবরিয়া হত্যা মামলার সঙ্গে জড়িত নন। ন্যায় বিচার হলে অবশ্যই তিনি এ মামলা থেকে অব্যাহতি পাবেন বলে তাঁর বিশ্বাস।