প্যারোলে বেরিয়ে শপথ নিলেন তানোর পৌর মেয়র
দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন রাজশাহীর তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান। আজ রোববার সকাল ১০টার দিকে নিজ কার্যালয়ে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন তাঁকে শপথবাক্য পাঠ করান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমানকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কারাগারে থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে শপথ গ্রহণ শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে।
সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে ১৩ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান। ২০ জানুয়ারি শপথ নিতে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। পরে বিএনপির ডাকা হরতালের মধ্যে রাজশাহী নগরের তালাইমারী এলাকায় গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর পক্ষ থেকে গত বৃহস্পতিবার উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে রাজশাহীতে ১৩টি পৌরসভার নয়টিতে আওয়ামী লীগ ও চারটিতে বিএনপি প্রার্থী মেয়র নির্বাচিত হন।