প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন তানোরের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন রাজশাহীর তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান। গতকাল রোববার সকাল ১০টার দিকে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমানকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে তাঁকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে শপথ গ্রহণ শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম আরও জানান, মিজানুর গ্রেপ্তারের পর শপথ গ্রহণের জন্য তাঁর পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত মিজানুরের আবেদন আমলে নিয়ে তাঁর শপথ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। গত শনিবার সন্ধ্যায় উচ্চ আদালতের আদেশের কপি রাজশাহী কারাগারে এসে পৌঁছায়। সেই অনুযায়ী জেলা প্রশাসক তাঁর দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি অনুমোদন করেন।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে ১৩ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান। ২০ জানুয়ারি শপথ নিতে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। পরে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর পক্ষ থেকে গত বৃহস্পতিবার উচ্চ আদালতে একটি রিট আবেদন দাখিল করা হয়। শুনানি শেষে ওই দিনই তাঁর শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আদালত।