প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন মেয়র
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নবগঠিত তালোড়া পৌরসভার প্রথম মেয়র আবদুল জলিল খন্দকার গতকাল বুধবার শপথ নিয়েছেন।কারাগার সূত্রে জানা গেছে, বেলা ১১টায় রাজশাহী কারাগার থেকে তাঁকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর বিশেষ পুলিশি পাহারায় তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১১টায় বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।ডেপুটি জেলার আনোয়ার হোসেন জানান, আবদুল জলিলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া থানায় নয়টি মামলা রয়েছে। গত ১১ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাঁকে বগুড়া কারাগার থেকে রাজশাহী কারাগারে নিয়ে আসা হয়।দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তালোড়া পৌরসভার প্রথম নির্বাচন গত ৮ মে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে আবদুল জলিল চার হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।