প্যালিয়েটিভ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশমন সেবা বা প্যালিয়েটিভ সেবা হচ্ছে ক্যানসার রোগীদের সবচেয়ে বড় ওষুধ। মানসিক সহায়তা পেলে ক্যানসার রোগীরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। দেশে প্রশমন সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে বিশেষজ্ঞরা এ মত দেন।
গতকাল শনিবার রাজধানীর সাতমসজিদ রোডে এ র‌্যালির আয়োজন করে শান্তি ক্যানসার ফাউন্ডেশন, আশিক প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, শান্তি অনকোলজি ও প্যালিয়েটিভ কেয়ার সেন্টার। গতকাল শনিবার ১১ অক্টোবর ছিল বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস।
র‌্যালির আয়োজকেরা বলেন, প্যালিয়েটিভ কেয়ারের অপর নাম সাপোর্ট কেয়ার বা সহায়ক চিকিৎসা। এ সেবায় ক্যানসারের যন্ত্রণা অনেকাংশে প্রশমিত হয়। ক্যানসার রোগীদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা বা উপসর্গ দেখা দেয়। প্যালিয়েটিভ কেয়ার ও নির্ধারিত চিকিৎসার মাধ্যমে রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
পৃথিবীর একাধিক দেশে অনেক বছর আগে থেকে প্যালিয়েটিভ দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে পাঁচ বছর ধরে দিবসটি বেসরকারিভাবে পালন করা হচ্ছে।