প্রকল্প অনুমোদনের আগেই বাস্তবায়ন!
প্রকল্পের অনুমোদন হওয়ার আগেই প্রকল্প বানিয়ে কাজ শেষ করেছেন কয়েকজন জনপ্রতিনিধি। এ ঘটনা ঘটেছে ফেনীর পরশুরাম উপজেলায়। কাবিটা প্রকল্পের আওতায় সড়ক সংস্কারের এই কাজ করে তাঁরা বিপাকে পড়েছেন। কারণ, কাজের বিল পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের কোটায় খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-১-এ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) মোট ৯০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় শুধু পরশুরাম উপজেলার জন্য ১৭ লাখ টাকা বরাদ্দ করা হয়।পিআইও মো. নোমান সম্প্রতি জানান, বরাদ্দ করা টাকার বিপরীতে প্রকল্প অনুমোদন করে কাজের একটি তালিকা সাংসদের কার্যালয় থেকে প্রথমে জেলা প্রশাসকের কাছে আসার কথা। জেলা প্রশাসক সেই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) কাছে পাঠাবেন। ইউএনওর কাছ থেকে তা পিআইওর কাছে যাবে। পিআইওর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ শেষ হবে। পিআইও জানান, পরশুরামে কাবিটা প্রকল্পের কাজ গত ৩১ মার্চের মধ্যে শেষ করার সরকারি নির্দেশ ছিল। কাজের মেয়াদ শেষ হলেও এখনো প্রকল্পের অনুমোদন হয়নি। অথচ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মৌখিকভাবে রাস্তা সংস্কারের প্রকল্প তৈরি করে কাজ শেষ করে ফেলেছেন।অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা জনপ্রতিনিধিদের নিয়ে পৌর এলাকা এবং মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নে ১২টি কাবিটা প্রকল্প মৌখিকভাবে তৈরি করে নিজেদের মধ্যে তা ভাগাভাগি করে নেন। তাঁরা প্রতিটি প্রকল্পের বিপরীতে এক লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ রাখেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী অভিযোগ করেন, মোটা অঙ্কের কমিশন নেওয়ার উদ্দেশ্যে প্রকল্প অনুমোদনের আগেই জনপ্রতিনিধিরা কাজ শেষ করে ফেলেছেন। নামমাত্র খরচ করে তাঁরা এখন প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, দু-তিনটি ছাড়া সবগুলো রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে গেছে।পৌরসভার কাউন্সিলর কাজী ইউসুফ মাহফুজ জানান, বরাদ্দ পাওয়ার কথা শুনে তিনি পকেটের টাকা খরচ করে পরশুরাম বালিকা বিদ্যালয় থেকে বাঁশপদুয়া পর্যন্ত সড়কের সংস্কার করেছেন। ভেবেছিলেন, সাংসদ টাকা ছাড়ের নির্দেশ দিলে তাঁরা কাজের বিল পেয়ে যাবেন। পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম আক্তারও পৌর এলাকার একটি রাস্তার সংস্কারকাজ শেষ করেছেন।চিথলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহ আহাম্মদ বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবের কথামতো আমি নিজের টাকায় কাজ করেছি। কিন্তু এখন কাজের বিল পাওয়া যাবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, জনপ্রতিনিধিরা যেসব সংস্কারকাজ করেছেন, সেগুলোকে প্রকল্প হিসেবে স্বীকৃতি দিয়ে বিল দিয়ে দেওয়া উচিত।ইউএনও আরিফ আহম্মদ খান প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ আসার আগে জনপ্রতিনিধিরা কী করে কাজ শেষ করেছেন, তা আমার বোধগম্য হচ্ছে না।’