প্রকল্প এগিয়ে নিতে এখন মাঠে মনোযোগী এশিয়া এনার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহারের সিদ্ধান্ত নিতে না পারলেও ফুলবাড়ী কয়লা প্রকল্পের প্রস্তাবক জিসিএম রিসোর্সেস তথা এশিয়া এনার্জি দমেনি। তাঁরা নতুন উদ্যমে প্রকল্প এগিয়ে নেওয়ার তৎপরতা শুরু করেছে। এই কাজে তাঁদের প্রধান মনোযোগ এখন মাঠপর্যায়ে, প্রকল্প এলাকায়। কোম্পানিটির নতুন পরিচালনা পরিষদ ব্যয় সংকোচনের নীতি নিয়ে লন্ডন ও ঢাকা অফিসে বেশ রদবদল ঘটিয়েছে। লন্ডনের পিকাডেলির ব্যয়বহুল অফিস পরিবর্তন করে নতুন ছোট্ট অফিস নেওয়া হয়েছে। ঢাকা অফিসেরও পরিধি এবং লোকবল কমিয়ে প্রকল্প এলাকা ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুরে কার্যক্রম বাড়ানো হয়েছে।
জানতে চাইলে এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি এন লাই প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রী গত জুন মাসে বাজেট বক্তৃতায় বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার প্রসঙ্গে ফুলবাড়ী প্রকল্পের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, কয়লা উত্তোলনসংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে। এর আলোকেই প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত জিসিএম বোর্ড বাংলাদেশ অফিসের কার্যক্রম পর্যালোচনা করেছে।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত বছর মার্চে জিসিএমের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বাইওয়াটারের পদত্যাগের পর কোম্পানির পরিচালক পর্যায়ে বড় রদবদল হয়েছে। পরিচালক ডেভিড উইলি নতুন নিয়োগ পেয়ে পদত্যাগও করেন। গ্রাহাম ট্যাগার্ট ও বিল ম্যাকিনটোশ ছিলেন কোম্পানির প্রভাবশালী দুই পরিচালক। তাঁরাও বিদায় নিতে বাধ্য হয়েছেন। মালয়েশীয় ব্যবসায়ী মাইকেল ট্যাং বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হওয়ার পর জিসিএম ও এশিয়া এনার্জিকে নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। এ কারণে লন্ডন বিকল্প পুঁজিবাজারে জিসিএমের শেয়ারের দাম আবার বেড়েছে। এদিকে দিনাজপুরের বিরামপুর, পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ এই চার উপজেলায় খনি উন্নয়নের পক্ষে সভা-সমাবেশ হচ্ছে। গঠন করা হয়েছে দিনাজপুর দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্ট। ইতিমধ্যে পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জে জনসমাবেশ করে খনি উন্নয়নের দাবি জানিয়েছে ফ্রন্ট। ফ্রন্টের নেতৃত্বে তিনটি উপজেলার চেয়ারম্যান ও প্রায় সবগুলো ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। এই সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এখন গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। জিসিএম তথা এশিয়া এনার্জি স্থানীয় পর্যায়ের এই পরিস্থিতি আমলে নিয়ে মাঠপর্যায়ে কার্যক্রম ও তৎপরতা বাড়াচ্ছে।