প্রকল্প ও আশ্বাসের বৃত্তে ঘুরছে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের তিন বছর পার হলেও কুলাউড়া-শাহবাজপুর রেলপথ চালুর নির্বাচনী প্রতিশ্রুতি আজও প্রকল্প এবং আশ্বাসের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। বিলম্বিত হওয়ায় বেহাত হয়ে যাচ্ছে রেলওয়ের অনেক জায়গা। নষ্ট হচ্ছে অবকাঠামো। রেলপথের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাত লাখ মানুষ।এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেলপথ ব্রিটিশ আমলে নির্মিত আসাম-বেঙ্গল (এবি) রেলওয়ের অন্তর্ভুক্ত। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় ভারতের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে কুলাউড়া-শাহবাজপুরের মধ্য্রেসীমাবদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। এলাকাবাসীর কাছে এটি ‘লাতুর ট্রেন’ নামে পরিচিত ছিল। বিগত সংসদ নির্বাচনের সময় মৌলভীবাজার-১ আসনের সব প্রার্থীরই নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল এ রেলপথ চালু করা। নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন। তাঁর দল সরকার গঠন করলে আশ্বস্ত হয় এলাকাবাসী। সবাই আশায় বুক বাঁধে, এই বুঝি চালু হলো রেলপথ। প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আশ্বাসের ফুলঝুরি ফুটেছে। এভাবেই পার হয়ে গেছে সরকারের তিন বছর। বাস্তবায়ন হয়নি আজও।সাংসদ মো. শাহাব উদ্দিন গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘রেললাইনটি চালু করা আমার অন্যতম প্রতিশ্রুতি ছিল ঠিকই। আমি অনেক চেষ্টা করছি। এ চেষ্টার ফলে লাইনটি চালুর জন্য একনেকে অর্থ অনুমোদন করা হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না মেলায় এখনো রেললাইনটি চালু করা যাচ্ছে না।’সাংসদ শাহাব উদ্দিন জানান, গত বছরের ১৩ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্প পাস হয়। এ প্রকল্পের আওতায় রেলপথ পুনর্নির্মাণ, রেলস্টেশন ভবন সংস্কার, সিগন্যালিং ব্যবস্থার উন্নয়নসহ ৪২ কিলোমিটার দীর্ঘ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ আধুনিকায়নের লক্ষ্যে ১১৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এ টাকা বরাদ্দ পাওয়ার কথা ভারতের প্রতিশ্রুত এক কোটি ডলার থেকে। সেই টাকা ছাড় না পাওয়ায় অর্থ মিলছে না।রেলপথ চালু না হওয়ায় রেলওয়ের অনেক জায়গা বেহাত হয়ে যাচ্ছে বলে স্বীকার করেন সাংসদ শাহাব উদ্দিন। তিনি জানান, রেলওয়ের অনেক কর্মকর্তা টাকা নিয়ে যাকে-তাকে জায়গা লিজ দিয়ে দিচ্ছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ চাইলে যেকোনো মুহূর্তে লিজ বাতিল করে জায়গা ফেরত নিতে পারবে।রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৭ জুলাই কুলাউড়া-শাহবাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মৌলভীবাজারের বড়লেখা, জুড়ী ও কুলাউড়া এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রায় সাত লাখ মানুষ যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যাপক অসুবিধায় পড়ে। জুড়ী, দক্ষিণভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর—এ ছয়টি রেলস্টেশন জনশূন্য হয়ে পড়েছে। সংস্কারের অভাবে স্টেশন ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। রেলপথের স্লিপারের কাঠ মাটির নিচে চাপা পড়ায় উইপোকা নষ্ট করে ফেলছে সেগুলো। লোহালক্কড় চুরি হয়ে যাচ্ছে। রেলওয়ের জায়গা অনেকে নানাভাবে দখল করে নিচ্ছে।এলাকাবাসী জানায়, ট্রেনের ভাড়া অপেক্ষাকৃত কম। তাই উৎপাদিত পণ্য ট্রেনে করে অন্য এলাকায় নিয়ে গিয়ে বিক্রি এবং অন্য এলাকায় কাজের সন্ধানে যাওয়া অনেক সহজ। ট্রেন চলাচল বন্ধ থাকায় এলাকার মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। সড়কপথে পণ্য আনা-নেওয়ায় খরচ বেশি হওয়ায় গ্রামীণ এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।এলাকাবাসী আরও জানায়, রেলপথ চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই কুলাউড়া, জুড়ী ও বড়লেখার বাসিন্দারা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদসহ বিভিন্ন ব্যানারে সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং এ ধরনের নানা কর্মসূচি পালন করে আসছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি।